সবাই আপনার শত্রু এই বোধ নিয়ে রাষ্ট্র চালানো যায় না : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাষ্ট্র চালাতে গেলে অন্যের কথা শুনবেন না তা হতে পারে না। অন্যের সাথে আলোচনা করবেন না, সবাই আপনার শত্রু- এই বোধ নিয়ে রাষ্ট্র চালানো যায় না।
অবস্থান কর্মসূচির ৫০ দিন পূর্তি উপলক্ষে আজ কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী একথা বলেন ।
দেশের বর্তমান সংকট উত্তরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আলোচনায় বসতে এবং বেগম খালেদা জিয়ার প্রতি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম গত ২৮ জানুয়ারি ২০১৫ তারিখ থেকে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নিরবিচ্ছিন্ন অবস্থান কর্মসূচি পালন করছেন।
কাদের সিদ্দিকী বলেন, সরকার রাষ্ট্রের সেবক। তিনি জানান এই অবৈধ মালিকদের বোঝাতেই এতদিন ধরে রাস্তা আছেন তিনি। কারণ এরা জানে না যে তারা জনগণের সেবক। জনগণ এই মালিকানা তাদের কাছে ছেড়ে দিয়েছে। এখন জনগণকেই এই মালিকানা উদ্ধারে কাজ কতে হবে।