এভারেস্টকেও ঢেকে ফেলবে ‘ওয়েডিং গাউন’!

বিশ্বের সবচেয়ে লম্বা ‘ওয়েডিং গাউন’ যা দিয়ে নাকি অনায়াসে ঢেকে ফেলা যায় মাউন্ট এভারেস্টকেও! বিশ্বাস হচ্ছে না?
বিশ্বের দীর্ঘতম ‘ওয়েডিং? গাউন’টি বানিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছে একটি ফরাসি সংস্থা। গাউনটি লম্বায় প্রায় ২৭ হাজার (২৬৫৫৯.৭১) ফুট। অর্থাৎ এটি আইফেল টাওয়ারের (১০৬৩ ফুট) চেয়েও অনেক লম্বা। এ চমকপ্রদ কাণ্ডটি ঘটেছে ফ্রান্সের কৌড্রিওতে।
গাউনটি তৈরির দায়িত্ব ছিল ডায়নামিক প্রজেস্টস নামে একটি সংস্থার। জানা গেছে, ১৫ জন মিলে প্রায় দু’মাস ধরে এ পোশাকটি তৈরি করেছেন। এ প্রথমবার নয়। ২০০৬ সালেও এমনই একটি পোশাক বানিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিল ডায়নামিক প্রজেক্টস। ১১ বছর পর বিশ্ব রেকর্ডে নাম তুলে বেজায় খুশি সংস্থার কর্মীরাও। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের প্রশংসাপত্র হাতে পাওয়ার পর গাউনটি কয়েকশ’ টুকরো করে বিক্রি করার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, এ টাকা বিভিন্ন চ্যারিটেবল সংস্থার মধ্যে ভাগ করে দেয়া হবে।