এক সন্ধ্যায় সুরের মূর্ছনা

চারটি ব্যান্ডদল নির্ঝর, পরিধি, সিন অব কার্নেগি ও ভেনোমাস। তরুণেরাই যেন এই চার দলের প্রাণ। দলগুলোর শিল্পীরাও এ প্রজন্মেরই তরুণ। ১৬ জুন ধানমন্ডির দ্য স্টেজ মিউজিক ক্যাফেতে গ্রীষ্মকালীন এক কনসার্টে তরুণদের মাতিয়ে তোলেন চারটি ব্যান্ডের সদস্যরা।
রকোহলিক সামার ফেস্ট নামের এই কনসার্ট আয়োজন করে হুমম ইভেন্ট সলিউশন ও আজব রেকর্ডস। বাইরের তীব্র গরম উপেক্ষা করে ক্যাফেতে আসেন তরুণেরা। গান আর কফির স্বাদ—সব মিলিয়ে সন্ধ্যাটা বেশ কাটে তাঁদের। এখানে গান শুনতে আসা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিয়া আফরিন বলেন, ‘ভেনোমাস ব্যান্ডের গাওয়া অঞ্জন দত্তের “...এটা কি ২৪৪১১৩৯” গান আর নির্ঝর ব্যান্ডের “সত্যি বলছি তোমাকে আর ভালোবাসি না” বেশি ভালো লেগেছে।’