মিরপুরে সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

রাজধানীর মিরপুরে সড়কে প্রাণ হারিয়েছেন এক তরুণ। তার নাম শহীদুল ইসলাম (১৮)। সোমবার দিনগত রাতে মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়কে কোনো এক অজ্ঞাত যানবাহনের ধাক্কায়  ওই তরুণ ঘটনাস্থলেই নিহত হন। শহীদ পরিবারের সঙ্গে ঢাকার আগারগাঁও বস্তি এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার রামগঞ্জ উপজেলায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত পৌনে ৩টার দিকে শহীদকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ঢামেক মর্গে রাখা হয়। ঢামেকের মর্গের বাইরে অবস্থান নেয়া শহীদের বাবা আবুল কালাম জানান, ছেলে শহীদ অসুস্থ ছিলেন। সোমবার রাত ১০টার দিকে অসুস্থতার জন্য চিকিৎসকের কাছে যেতে ঘর থেকে বের হন। পরে রাত সোয়া ২টার দিকে শহীদ দুর্ঘটনার শিকার হওয়ার খবর পান। ঢামেকে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, অজ্ঞাতনামা কোনো গাড়ির ধাক্কায় তার ছেলে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।