অল্পের জন্য বেঁচে গেলেন ‘আল-কায়েদা’ নেতা আওলাকি

ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন ধর্মীয় নেতা ও সন্দেহভাজন আল-কায়েদা সদস্য আনোয়ার আল-আওলাকি অল্পের জন্য মার্কিন ড্রোন হামলা থেকে বেঁচে গেছেন বলে জানিয়েছে একটি উপজাতীয় সূত্র। মার্কিন কমান্ডোরা আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেনকে হত্যার তিন দিন পর গত বৃহস্পতিবার আল-কায়েদার শক্ত ঘাঁটি বলে পরিচিত ইয়েমেনের শাবওয়া প্রদেশে এ হামলা চালায়।
ইয়েমেনের রাজধানী সানার পূর্বে অবস্থিত শাবওয়ার একটি সূত্র জানায়, আওলাকি ও আল-কায়েদার এক সৌদি সদস্য একটি গাড়িতে যাওয়ার সময় চালকবিহীন মার্কিন বিমান তাঁদের লক্ষ্য করে হামলা চালায়। এতে গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হলেও আরোহী দুজন অক্ষত অবস্থায় বেঁচে যান।