শিশুসহ সন্দেহভাজন ৬ নারী আটক

পঞ্চগড়ে এক শিশুসহ সন্দেহভাজন ৬ নারীকে আটক করেছে পুলিশ। রোববার দিনগত রাত দেড়টার দিকে ১৮ বিজিবি ক্যানটিনের সামনের একটি বাসা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শারুফা, আঙ্গুরা বেগম, আছিয়া খাতুন, আসমা বেগম, শাহেরা বেগম, সুমি বেগম। তাদের সবার বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায়। পঞ্চগড়ের পুলিশ সুপার (এসপি) মো. গিয়াসউদ্দিন জানান, শিশুসহ ৬ নারী ১৮ বিজিবি ক্যানটিনের সামনের এক বাড়িতে উঠেছে জানতে পেরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।
জিজ্ঞাসাবাদে নারীরা জানিয়েছেন তারা হবিগঞ্জ থেকে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বার আউলিয়া মাজারে মানত পালনে এসেছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় তারা ওই বাড়িতে গিয়ে ওঠেন। পুলিশ সুপার আরও জানান, স্থানীয়রা তাদের ঘোরাফেরা করতে দেখে থানায় খবর দেয়। তাদের কাছে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততার প্রমাণও মেলেনি। চুনারুঘাট থানায় আটকদের বিষয়ে জানাতে চাওয়া হয়েছে। পরিচয় নিশ্চিত হওয়া গেলেই তাদের ছেড়ে দেয়া হবে বলেও জানান তিনি।