রোহিঙ্গা গ্রাম ধ্বংস করে রাখাইনে সেনাচৌকি!

মিয়ানমার সরকার খুব পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের গ্রামগুলি ধ্বংস করেছে। সেখানে সেনাচৌকি বসানোর জন্য এসব কাজ করা হয়েছে বলে খবর দিয়েছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইনডিপেনডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম (আইআইএমএম)। তারা বলেছে, রাখাইন প্রদেশে রোহিঙ্গাদের একের পর এক গ্রাম এবং জমিজমা ধ্বংস করে দিয়ে সেখানে সেনাচৌকি বানানোর প্রস্তুতি নিচ্ছে মিয়ানমারের সেনারা। সোমবার এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করে আইআইএমএম।

তারা বলেছে, মিয়ানমার সরকার খুব পরিকল্পিতভাবে রোহিঙ্গাদের জমিজমা, সম্পত্তি নষ্ট করেছে। যদিও মিয়ানমার সেনার তরফে এই রিপোর্ট প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। আইআইএমএম-এর রিপোর্টে আরও বলা হয়, সেনাঘাঁটি এবং সেনাশিবির বানানো হচ্ছে উত্তর রাখাইন প্রদেশে ইন দিনের গ্রামগুলিতে। নতুন করে রাস্তা, সেনার দফতর, হেলিপ্যাডও বানানো হচ্ছে। অনলাইন আনন্দবাজার পত্রিকা বলছে, রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘে উচ্চ পর্যায়ের বৈঠক রয়েছে নিউ ইয়র্কে। সেখানে বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী শিবির নিয়ে আলোচনা হওয়ার কথা। তার আগেই এই রিপোর্ট প্রকাশিত হওয়ায় পরিস্থিতি পর্যালোচনার গতিমুখ কোন দিকে মোড় নেবে, তা নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।

প্রসঙ্গত, মিয়ানমারে গৃহযুদ্ধের কারণে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওএইচসিএইচআর) এবং কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের (আরআরআরসি) দফতর সূত্রে জানা গেছে, উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে বর্তমানে নথিভুক্ত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা সাড়ে ১২ লাখ। 

mzamin