বাসররাতের পরই মারা গেলেন ৭৫ বছরের সাংরুরাম

সাংরুরামের বয়স ৭৫ বছর। দীর্ঘ সময় নিঃসঙ্গ থাকার পর তাকে সঙ্গ দেয়ার জন্য বিয়ে করেন নিজের চেয়ে অর্ধেকেরও কম বয়সী এক যুবতীকে। কিন্তু তার কপালে সুখ সইলো না। বিয়ের পরদিন সকালেই তিনি মারা গেলেন। এ ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের জাউনপুর জেলার কুছমুছ গ্রামে। ওই ব্যক্তি তার প্রথম স্ত্রীকে হারান এক বছর আগে। তারপর থেকে নিঃসঙ্গ দিন পার করছিলেন। তার কোনো ছেলেমেয়েও নেই। কৃষিকাজ করে জীবন নির্বাহ করছিলেন তিনি। তার আত্মীয়রা বলেন, সম্প্রতি তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু এর বিরুদ্ধে পরামর্শ দেন আত্মীয়রা। তাদের সে কথায় কান দেননি তিনি। গত ২৯শে সেপ্টেম্বর ২০২৫ তিনি বিয়ে করেন ৩৫ বছর বয়সী মানভাবতীকে। মানভার জালালপুর এলাকার এক যুবতী। তারা কোর্টে বিয়ে রেজিস্ট্রেশন করেন। পরে স্থানীয় একটি মন্দিরে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন।

বিয়ের পর মানভাবতী বলেন, তার স্বামী তাকে বাড়িঘরের দায়িত্ব নিতে বলেছেন। আর তিনি পালন করবেন ছেলেমেয়ে দেখাশোনার দায়িত্ব। বিয়ের রাতে তারা অনেক সময় ধরে গল্প করেন। কিন্তু সকালে সাংরুরামের স্বাস্থের হঠাৎ করে মারাত্মক অবনতি হয়। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার আকস্মিক এই মৃত্যুতে গ্রামজুড়ে নানা জল্পনা দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, প্রকৃতি তার শোধ নিয়েছে। অন্যরা সন্দেহ করছেন অন্য কিছু। মৃতের এক ভাইপো বসবাস করেন দিল্লিতে। তিনি মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া স্থগিত রাখতে বলেছেন। তারা বলেছেন, তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার আগে তাদের উপস্থিতি জরুরি। 

mzamin