গাজাবাসীর পাশে দাঁড়াতে বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক হামাসের

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকটের প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে হামাস। শুক্র (১৩ নভেম্বর) থেকে রোববার (১৫ নভেম্বর) পর্যন্ত টানা তিন দিন বিশ্বের বিভিন্ন দেশে এ কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে সংগঠনটি। শীতের আগমনে গাজায় বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ আরও বাড়তে থাকায় এ ডাক দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে হামাস আরব ও মুসলিম বিশ্বের পাশাপাশি অন্যান্য দেশের মানুষের প্রতি নিজ নিজ শহরে মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের আহ্বান জানায়। শুধু সপ্তাহান্তেই নয়, পরবর্তী দিনগুলোতেও এ প্রতিবাদ অব্যাহত রাখার অনুরোধ জানিয়েছে সংগঠনটি। ইসরায়েলের অব্যাহত অবরোধ, খাদ্যসংকট ও সামরিক হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালনের কথা বলা হয়েছে।

এছাড়া ধর্মীয় নেতা, মসজিদের ইমাম ও গির্জার যাজকদের প্রতি গাজাবাসীর দুর্দশা নিয়ে ধর্মীয় বক্তব্য, প্রার্থনা ও বিশেষ আয়োজন করার আহ্বান জানিয়েছে হামাস।

বিবৃতিতে বলা হয়, গাজায় লাখ লাখ শিশু, নারী ও বয়স্ক মানুষ ভয়াবহ জীবনযাপন করছেন। বাস্তুচ্যুত মানুষের অস্থায়ী তাঁবুতে বৃষ্টির পানি ঢুকে পড়ছে। শীত থেকে বাঁচার মতো পর্যাপ্ত আশ্রয়, উষ্ণ পোশাক ও খাবারও পাচ্ছেন না অনেকে। ফলে পরিস্থিতি দিন দিন আরও বিপর্যয়কর হয়ে উঠছে।

হামাসের এই আহ্বান এমন সময়ে এসেছে, যখন ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতি সত্ত্বেও গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে ১ হাজার ৬২২ জন নিহত হয়েছেন। হামলা ও মানবিক সহায়তার সংকটের মধ্যে গাজাবাসীর জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে পড়ছে।

এ অবস্থায় গাজার মানুষের দুর্দশা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে এবং ইসরায়েলের অবরোধ ও হামলার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে আন্তর্জাতিক পর্যায়ে বিক্ষোভের আহ্বান জানিয়েছে হামাস।

ছবি: আল জাজিরা

মধ্য গাজার নুসেইরাত শিবিরে দাতব্য রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি: এএফপি
মধ্য গাজার নুসেইরাত শিবিরে দাতব্য রান্নাঘর থেকে খাবার সংগ্রহ করছেন বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। ছবি: এএফপি