‘পারমাণবিক ইরান’ মেনে না নিতে ঐক্যের সরকারে জোর নেতানিয়াহুর

ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নিতে শিগগির ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আসতে পারে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন পরিস্থিতি মোকাবিলায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১০ নভেম্বর) ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের ২৬তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইরান আবারও পারমাণবিক হুমকি তৈরির চেষ্টা করছে। তার ভাষায়, এই অস্তিত্বগত হুমকি স্থায়ীভাবে দূর করার একমাত্র উপায় হলো আয়াতুল্লাহ শাসনের পতন।

নেতানিয়াহু বলেন, ইরানকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নিতে এবং ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত দেশটির শাসনব্যবস্থাকে সহ্য করতে আন্তর্জাতিক মহল ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারে।

তিনি আরও বলেন, নিরাপত্তা অঞ্চল নিয়ে ইসরায়েলের অর্জন ও অগ্রগতি থেকে সরে আসার জন্যও চাপ আসতে পারে।

সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলি হামলায় ইরানের পারমাণবিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মূল্যায়নে বলা হয়েছে। তবে তেহরানের কাছে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা রয়েছে এবং এক থেকে দুই বছরের মধ্যে তারা তা অর্জন করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে রাজনৈতিক মতপার্থক্য ও অন্যান্য বিবেচনা পাশে রেখে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান নেতানিয়াহু। তার মতে, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের সরকারই সক্ষম।

তবে অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের সময় সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট বাধা দেন। তিনি নেতানিয়াহুকে কাতারি উপদেষ্টাদের ভূমিকা এবং ৭ অক্টোবরের হামলা তদন্তের বিষয়ে প্রশ্ন করেন।

অন্যদিকে, ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকোট নেতানিয়াহুর বক্তব্যকে বিভ্রান্তিকর, বিভাজনমূলক ও লজ্জাজনক বলে সমালোচনা করেন। তিনি বলেন, দেশের নিরাপত্তার স্বার্থে নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে এবং একটি জাতীয় জরুরি সরকার গঠন করা প্রয়োজন।

সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি