ইয়েমেনে আগ্রাসনের জবাবে সৌদির বৃহত্তম তেল শোধনাগারে হুতিদের হামলা

সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। বুধবারের এ হামলাকে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে গোষ্ঠীটি। তাদের দাবি, সৌদি হামলায় ইয়েমেনে বহু বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, রাস তানুরা শোধনাগারে হামলার পর সেখানে আগুন ধরে যায়। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের ‘বর্বর আগ্রাসনের’ জবাবেই এ হামলা চালানো হয়েছে। বিশেষ করে লাহিজ প্রদেশের আল-মাকাতিরা জেলায় যাত্রীবাহী বাস ও বেসামরিক নাগরিকদের ট্রাক লক্ষ্য করে হামলা এবং রাজধানী সানা ও অন্যান্য প্রদেশে সৌদি বাহিনীর কর্মকাণ্ডের কথা উল্লেখ করেন তিনি।

চলতি সপ্তাহের শুরুতে লাহিজের ওই জেলায় সৌদি হামলায় অন্তত ২৬ জন নিহত হন বলে জানা গেছে।

ইয়েমেনের বেসামরিক হোদেইদা বন্দরে পাল্টা হামলার সৌদি হুমকির জবাবেও সতর্কবার্তা দিয়েছে হুতিরা। ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগর উপকূলে সৌদি আরবের সব ‘শত্রু বন্দর’ তাদের হামলার লক্ষ্যবস্তু হবে।

একই পোস্টে বন্দরগুলোর কর্মী, শ্রমিক ও আশপাশে অবস্থানরত লোকজনকে দ্রুত সরে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলোকে ওই বন্দরগুলো থেকে নিজেদের জাহাজ সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে রাস তানুরা এলাকার আকাশে চারটি ড্রোন শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ধ্বংস করেছে। তবে শোধনাগারটি হামলার শিকার হওয়ার বিষয়টি তারা সরাসরি অস্বীকার করেনি।

বার্তা সংস্থা রয়টার্সের পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে শোধনাগারটির আশপাশে বিস্তীর্ণ এলাকায় ঘন কালো ধোঁয়া দেখা গেছে। প্রায় ৬০০ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়েছিল বলে চিত্রগুলোতে উঠে এসেছে।

রাস তানুরা শোধনাগারটির দৈনিক পরিশোধন সক্ষমতা ৫ লাখ ৫০ হাজার ব্যারেল। চলমান সংঘাতের আগে সৌদি আরবের উপসাগরীয় উপকূলে অবস্থিত এই কৌশলগত স্থাপনা থেকে দেশটির বিপুল পরিমাণ তেল রপ্তানি করা হতো। ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর পর পরিস্থিতি বদলে যায়। এরপর থেকে সৌদি আরবকে পশ্চিম উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে তেল পাঠাতে হচ্ছে। পূর্বাঞ্চল থেকে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের মাধ্যমে ইয়ানবুতে তেল পৌঁছায়। তবে লোহিত সাগর উপকূলের এই বন্দরও হামলার ঝুঁকিতে রয়েছে। ভিন্ন এক বিবৃতিতে ইয়াহিয়া সারি দাবি করেছেন, রিয়াদের আর্থিক জেলায় তিন ধাপে হামলা চালিয়েছে হুতিরা। মঙ্গলবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানায়, ওই এলাকার একটি ভবনে হামলায় ১১ জন আহত হয়েছেন।

ভবনটি রাজধানীর সবচেয়ে উঁচু স্থাপনা এবং সৌদি সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সদর দপ্তর সেখানে অবস্থিত। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এটি ভবনটিতে দ্বিতীয় হামলা।

গত ১৯ নভেম্বরের প্রথম হামলায় ভবনটি ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হননি। মঙ্গলবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ ভবনটির একটি ছবি প্রকাশ করে। এতে ভবনের সম্মুখভাগের প্রায় মাঝামাঝি অংশে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায়, যা আগের হামলার ক্ষতির সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ।

আনসার আল্লাহ নামে পরিচিত হুতি আন্দোলন ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তর ও পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে। গত জুলাইয়ে ইয়েমেনের দীর্ঘদিনের স্থবির গৃহযুদ্ধ নতুন করে উত্তপ্ত হওয়ার পর থেকে সৌদি আরবের বিমানবন্দর, তেল অবকাঠামো ও বিভিন্ন দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে গোষ্ঠীটি। ইরানকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাব ইয়েমেনেও ছড়িয়ে পড়ার পর সংঘাত নতুন মাত্রা পায়।

প্রতিবেদন অনুযায়ী, ১৩ জুলাই সানার আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি বিমান হামলার মধ্য দিয়ে সৌদি আরবসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে কার্যকর থাকা যুদ্ধবিরতি ভেঙে যায়। এরপর থেকে হুতিদের হামলা ঠেকাতে হিমশিম খাচ্ছে সৌদি সামরিক বাহিনী। ইয়েমেনে সৌদি-সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধেও পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা।

হুতিদের ধারাবাহিক হামলায় সৌদি আরবের অর্থনীতি, তেল অবকাঠামো ও আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপত্তাঝুঁকির কারণে রিয়াদ থেকে আন্তর্জাতিক বিমান চলাচল বাতিল করেছে বিভিন্ন বিমান সংস্থা। দেশটির তেল অবকাঠামোয় আগের হামলাগুলোও সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটিয়েছে।

এ পরিস্থিতিতে এশিয়ান কাপ ফুটবলসহ বড় আন্তর্জাতিক আয়োজন পেছাতে বা বাতিল করতে বাধ্য হয়েছে সৌদি আরব। দেশটির গুরুত্বপূর্ণ বিনিয়োগ সম্মেলন ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ’ আয়োজন নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র : রয়টার্স

স্যাটেলাইট চিত্রে শোধনাগারটির আশপাশে বিস্তীর্ণ এলাকায় ঘন কালো ধোঁয়া ও রাস তানুরার সাধারণ দৃশ্য। ছবি: রয়টার্স
স্যাটেলাইট চিত্রে শোধনাগারটির আশপাশে বিস্তীর্ণ এলাকায় ঘন কালো ধোঁয়া ও রাস তানুরার সাধারণ দৃশ্য। ছবি: রয়টার্স