ফারাও তুতেনখামেনের সমাধিগৃহ

বিশ্ব প্রত্নতত্ত্বের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন ১৯২২ সালের ২৬ নভেম্বর। দীর্ঘ তিন হাজার বছরেরও বেশি সময় ধরে মিশরের মরুভূমির নিচে চাপা পড়ে থাকা এক রহস্যময় জগতের দ্বার উন্মোচিত হয় এদিন। ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার এবং তার অর্থায়নকারী লর্ড কার্নারভন প্রবেশ করেন প্রাচীন মিশরের অষ্টাদশ রাজবংশের কিশোর ফারাও তুতেনখামেনের অক্ষত সমাধিগৃহে। প্রাচীন মিশরের ‘ভ্যালি অব দ্য কিংস’-এ (রাজাদের উপত্যকা) অবস্থিত এ সমাধি আবিষ্কার একটি বিরাট প্রত্নতাত্ত্বিক সাফল্য। একই সঙ্গে এটি ছিল হাজার বছরের ধুলো জমে থাকা এক প্রাচীন সভ্যতার জীবন্ত দলিল।

ভ্যালি অব দ্য কিংস অঞ্চলে অধিকাংশ ফারাওয়ের সমাধিই প্রাচীনকালে লুণ্ঠিত হয়। বছরের পর বছর ব্যর্থ অনুসন্ধান ও হতাশার পর লর্ড কার্নারভন খননকাজে অর্থায়ন বন্ধ করার কথা ভাবছিলেন। কিন্তু হাওয়ার্ড কার্টার ছিলেন অনমনীয়। তার দৃঢ় বিশ্বাস ছিল, উপত্যকার কোনো এক কোণে এমন একটি সমাধি লুকিয়ে আছে, যা এখনো চোরদের হাত থেকে বেঁচে গেছে। ১৯২২ সালের ৪ নভেম্বর কার্টারের দল পাথরের নিচে চাপা পড়া একটি সিঁড়ির সন্ধান পায়। এরপর ধীরে ধীরে উন্মোচিত হয় একটি সিলমোহর করা দরজা, যার গায়ে ছিল রাজকীয় চিহ্ন। ২৬ নভেম্বর ছিল সেই মাহেন্দ্রক্ষণ। কার্টার, লর্ড কার্নারভন, কার্নারভনের কন্যা লেডি ইভলিন হার্বার্ট এবং খননকাজের তত্ত্বাবধায়ক আর্থার ক্যালেন্ডার সমবেত হন দরজার সামনে। কার্টার একটি ছোট ছিদ্র করে ভেতরে একটি মোমবাতি ধরেন। অন্ধকার কক্ষের ভেতর থেকে ভেসে আসা বাতাসের হালকা চাপ মোমবাতির শিখাকে কাঁপিয়ে তোলে। চোখ অভ্যস্ত হওয়ার পর কার্টার যা দেখলেন, তা ছিল কল্পনারও অতীত। লর্ড কার্নারভন অধৈর্য কণ্ঠে জানতে চান, ‘আপনি কি কিছু দেখতে পাচ্ছেন?’ কার্টারের বিখ্যাত উত্তর ছিল, ‘হ্যাঁ, অদ্ভুত সব জিনিস।’

সমাধিগৃহের ভেতরে ছিল স্বর্ণ ও রত্নখচিত রথ, সিংহাসন, আলোকসজ্জা, অস্ত্রশস্ত্র, মূল্যবান অলংকার এবং ফারাওয়ের দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী। পরবর্তী কক্ষগুলোয় পাওয়া যায় বিখ্যাত সোনালি মুখোশ, যা আজও প্রাচীন মিশরীয় শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে স্বীকৃত। ফারাও তুতাংখামেন মাত্র আঠারো বা উনিশ বছর বয়সে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। তার সংক্ষিপ্ত রাজত্বকালের ইতিহাসের অনেক অজানা অধ্যায় এ সমাধির সামগ্রী থেকে নতুন করে পাঠোদ্ধার করার সুযোগ মেলে।

তবে এ ঐতিহাসিক আবিষ্কারকে ঘিরে দ্রুতই তৈরি হয় ‘ফারাওয়ের অভিশাপ’ বা ‘মমির অভিশাপ’-এর কিংবদন্তি। সমাধি খোলার কয়েক মাসের মধ্যেই লর্ড কার্নারভনের আকস্মিক মৃত্যু সংবাদমাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। যদিও বিজ্ঞান ও যুক্তির আলোকে পরবর্তীকালে এসব ধারণাকে ভিত্তিহীন বলে প্রমাণ করা হয়, তবুও রহস্য ও রোমাঞ্চের আবহ আজও এ ঘটনাকে আলাদা মাত্রা দেয়। এ অভিযান প্রমাণ করে যে, ধৈর্য, নিষ্ঠা ও বৈজ্ঞানিক অনুসন্ধান কীভাবে ইতিহাসের সবচেয়ে গোপনীয় অধ্যায়কেও মানুষের সামনে তুলে ধরতে পারে।

ফারাও তুতেনখামেনের সমাধিগৃহ
ফারাও তুতেনখামেনের সমাধিগৃহ