হুয়াংয়ের এনভিডিয়ায় ফেরা নিয়ে কেন উচ্ছ্বসিত ইসরায়েল

আলজাজিরার বিশ্লেষণঃ বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে বিতর্কের জেরে পদত্যাগের পর আবারও চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে ফিরেছেন সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। তার প্রত্যাবর্তনে শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই নন, উচ্ছ্বাস প্রকাশ করেছেন ইসরায়েলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও। কারণ, যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয় ইসরায়েলে। দেশটির অর্থনীতিতেও প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য অবদান রয়েছে।

একসময় ইসরায়েলকে এনভিডিয়ার ‘দ্বিতীয় ঘর’ বলে অভিহিত করেছিলেন হুয়াং। তার প্রত্যাবর্তনের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের প্রযুক্তি খাতের সঙ্গে এনভিডিয়ার অংশীদারত্ব প্রতিষ্ঠানটি এবং ইসরায়েলের উদ্ভাবনভিত্তিক অর্থনীতির জন্য বিপুল মূল্য তৈরি করেছে। এনভিডিয়ার নেতৃত্বে ধারাবাহিকতা এই অংশীদারত্ব এবং বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের জন্য ভালো খবর বলেও মন্তব্য করেন তিনি।

গত ১২ নভেম্বর পদত্যাগের পর সোমবার (২৩ নভেম্বর) আবারও প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন হুয়াং। তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগের পাশাপাশি চীনা গোয়েন্দা সংস্থার সন্দেহভাজন এক ব্যক্তির সঙ্গে সম্পর্কের বিষয়টিও আলোচনায় আসে। তবে তার প্রত্যাবর্তনে বিনিয়োগকারীদের উদ্বেগ অনেকটাই কমেছে।এনভিডিয়ার শেয়ারের দামও প্রায় ৩০ শতাংশ বেড়েছে।

ইসরায়েলে এনভিডিয়ার সাতটি গবেষণা ও উন্নয়নকেন্দ্রে প্রায় ছয় হাজার কর্মী কাজ করেন। গত তিন বছরে দেশটিতে কর্মীর সংখ্যা দ্বিগুণ করেছে প্রতিষ্ঠানটি। হাইফার কাছে কিরিয়াত তিভনে সর্বোচ্চ ১০ হাজার কর্মীর কর্মসংস্থানের সুযোগ রেখে বড় একটি গবেষণা ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনাও রয়েছে তাদের।

ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এনভিডিয়ার কার্যক্রম ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট প্রবৃদ্ধি যোগ করতে পারে। এতে প্রবৃদ্ধি ৫ দশমিক ৬ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। প্রতিষ্ঠানটি জানুয়ারি পর্যন্ত অর্থবছরে ইসরায়েলকে প্রায় ১২৯ কোটি ডলার কর দিয়েছে।

এনভিডিয়ার সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও গভীর হয় ২০২০ সালে প্রায় ৭০০ কোটি ডলারে ইসরায়েলি প্রযুক্তি প্রতিষ্ঠান মেলানক্স অধিগ্রহণের পর। তথ্যকেন্দ্রে একাধিক গ্রাফিকস প্রসেসিং ইউনিটকে দ্রুতগতিতে সংযুক্ত রাখার প্রযুক্তি সরবরাহ করে মেলানক্স। ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসা থেকে আয় হয়েছে ২ হাজার ১০০ কোটি ডলারের বেশি, যা মোট আয়ের প্রায় ১৮ শতাংশ।

তবে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে এনভিডিয়ার প্রযুক্তির ব্যবহার নিয়েও প্রশ্ন উঠেছে। আমেরিকান ফ্রেন্ডস সার্ভিস কমিটির এক পর্যালোচনায় বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জেটসন ও ডিজিএক্সসহ এনভিডিয়ার বিভিন্ন পণ্য ব্যবহার করছে। গাজায় নজরদারি ও ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যবস্থার ব্যবহারের কারণে যুদ্ধাপরাধে এনভিডিয়ার প্রযুক্তি পরোক্ষভাবে যুক্ত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে সংগঠনটি।

সূত্র : আলজাজিরা

বেনিয়ামিন নেতানিয়াহু ও জেনসেন হুয়াং। ছবি: গেটি ইমেজেস
বেনিয়ামিন নেতানিয়াহু ও জেনসেন হুয়াং। ছবি: গেটি ইমেজেস