Saturday, November 7, 2026
ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন
ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন
ব্যক্তিগত বিরোধ থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমের তর্ক-বিতর্ক—অন্যকে অপমান বা মানসিকভাবে আঘাত করতে মা-বোনকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গালির ব্যবহার প্রায়ই দেখা যায়। এ ধরনের গালি শুধু পুরুষেরাই দেন না, নারীদের মুখেও শোনা যায়।
সম্প্রতি বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী পরীমণিকে ঘিরে একটি ঘটনা আবারও বিষয়টি আলোচনায় এনেছে। গত ৫ নভেম্বর একটি মামলায় আত্মসমর্পণ করতে আদালতে গিয়ে এক সাংবাদিকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান তিনি। এ সময় ওই সাংবাদিকের মাকে জড়িয়ে প্রকাশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং তাকে হত্যার হুমকিও দেন।
ঘটনাটি নতুন করে সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন—বিরোধ যখন দুজন মানুষের মধ্যে, তখন অপমানের লক্ষ্যবস্তু হয়ে ওঠেন তাদের পরিবারের নারীরা কেন? এটি কি নিছক ভাষার অভ্যাস, নাকি এর পেছনে রয়েছে নারীকে ঘিরে সমাজের দীর্ঘদিনের কিছু ধারণা?
ভাষা ও সমাজে নারীর অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায়, মা-বোনকে নিয়ে প্রচলিত গালিগুলো কেবল অশালীন শব্দের ব্যবহার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে যৌনতা, ক্ষমতা এবং পরিবারের সম্মানের সঙ্গে নারীর মর্যাদাকে যুক্ত করে দেখার প্রবণতা।
দেশে দেশে গালিতে নারীর উপস্থিতি
কাউকে অপমান করতে তার পরিবারের নারী সদস্যদের টেনে আনার প্রবণতা শুধু বাংলা ভাষায় সীমাবদ্ধ নয়। বিশ্বের বিভিন্ন ভাষা ও সংস্কৃতিতেও এ ধরনের গালির প্রচলন রয়েছে।
২০২৪ সালে বিহেভিয়ার রিসার্চ মেথডস সাময়িকীতে প্রকাশিত একটি আন্তর্জাতিক গবেষণায় বিভিন্ন ভাষায় প্রচলিত গালি ও সামাজিকভাবে নিষিদ্ধ শব্দ বিশ্লেষণ করা হয়েছে। এতে দেখা যায়, যৌনতা, যৌনাঙ্গ ও যৌন পরিচয়কে কেন্দ্র করে তৈরি শব্দের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে।
বিশ্বের ১৭টি দেশের ১৩টি ভাষার ওপর পরিচালিত ওই গবেষণায় অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের গালি ও সামাজিকভাবে নিষিদ্ধ শব্দ সংগ্রহ করেন গবেষকেরা।
গবেষণায় দেখা যায়, বিভিন্ন ভাষায় বহুল ব্যবহৃত অপমানসূচক শব্দের মধ্যে নারীর যৌনাঙ্গ নির্দেশক শব্দ, নারীর যৌন আচরণকে হেয় করার শব্দ এবং যৌনক্রিয়াসংক্রান্ত গালি রয়েছে। কয়েকটি ভাষায় কারও মাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গালি দেওয়া এবং জন্মপরিচয়কে অপমানের মাধ্যম হিসেবে ব্যবহারের উদাহরণও পাওয়া গেছে।
পুরুষের যৌনাঙ্গকে কেন্দ্র করেও বিভিন্ন ভাষায় গালি রয়েছে। তবে এ ধরনের শব্দের ব্যবহার তুলনামূলকভাবে কম।
অর্থাৎ, যৌনতা ও নারীকে কেন্দ্র করে অপমানসূচক ভাষা ব্যবহারের প্রবণতা কোনো একটি সমাজ বা ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়।
যে মা শ্রদ্ধার প্রতীক, গালিতে তিনিই কেন?
বিশ্বের বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে মাকে বিশেষ সম্মান ও মর্যাদার আসনে রাখা হয়েছে। বাংলা সংস্কৃতিতেও এর ব্যতিক্রম নেই।
২০১৫ সালে জার্নাল অব এথনোলজি অ্যান্ড ফোকলোরিস্টিকস সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় বাংলা লোকসংস্কৃতিতে ‘মা’ শব্দের বিভিন্ন ব্যবহার বিশ্লেষণ করা হয়েছে।
গবেষকেরা দেখিয়েছেন, বাংলা সংস্কৃতিতে ‘মা’ শব্দটি শুধু জন্মদাত্রীকে বোঝায় না। পরিবারের অন্য নারী সদস্যদেরও মা বলে সম্বোধন করা হয়। আবার বিভিন্ন ধর্মীয় বিশ্বাসে এমন দেবীদেরও ‘মা’ বলা হয়, যারা অশুভ শক্তি, দুর্ভিক্ষ, দারিদ্র্য, অজ্ঞতা, সাপ ও রোগব্যাধি থেকে মানুষকে রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। এমনকি ১৯৪৭ সালের আগে বাংলা ভূখণ্ডকেও ‘মা’ হিসেবে অভিহিত করা হতো বলে গবেষণাটিতে উল্লেখ রয়েছে।
অন্য ধর্মেও মায়ের প্রতি বিশেষ শ্রদ্ধার প্রকাশ দেখা যায়। ইসলাম ধর্মে মা-বাবার সঙ্গে সদাচরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সন্তান জন্মদান ও লালন-পালনে মায়ের কষ্টের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, খ্রিষ্টধর্মে যিশুখ্রিষ্টের মা মেরিকে বিশেষ শ্রদ্ধার চোখে দেখা হয়। তিনি মাতৃত্ব ও পবিত্রতার প্রতীক।
অর্থাৎ, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতিতে মাতৃত্বকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু যে সমাজে মাকে এত সম্মান করা হয়, সেই সমাজেই কাউকে অপমান করতে তার মাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গালি দেওয়া হয় কেন?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরীন মনে করেন, এর পেছনে বড় একটি কারণ হলো সমাজে মায়ের উচ্চ মর্যাদা।
তিনি বলেন, বিভিন্ন সমাজ, ধর্ম ও সংস্কৃতিতে মাকে সম্মানের জায়গায় রাখা হয়েছে। কিন্তু সেই মাকেই যখন যৌনতা ও সতীত্বের ধারণা দিয়ে বিচার করা হয়, তখন তাকে অসম্মান করার মাধ্যমে তাঁর সন্তানকেও হেয় করার সুযোগ তৈরি হয়।
জোবাইদা নাসরীনের মতে, মাকে সম্মানের উচ্চ অবস্থান থেকে নামিয়ে এনে সন্তানকে অপমান করার চেষ্টা করা হয়। কারণ, এ ধরনের আক্রমণ একজন মানুষকে গভীরভাবে আঘাত করতে পারে।
তিনি বলেন, সমাজ দীর্ঘদিন ধরে এই বৈপরীত্য লালন করে আসছে। অথচ কোনো ধর্মেই মাকে নিয়ে গালাগালিকে সহিংসতা বা অন্যকে আক্রমণের হাতিয়ার হিসেবে দেখা হয় না।
গালির সঙ্গে নারীর যৌনতার সম্পর্ক কী?
মা-বোনকে নিয়ে প্রচলিত অনেক গালি বিশ্লেষণ করলে দেখা যায়, সেখানে যৌনতাকে অপমানের মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। কখনো নারীর যৌন আচরণকে হেয় করা হয়, কখনো যৌন সহিংসতার ইঙ্গিত দেওয়া হয়। কিন্তু এসব গালির লক্ষ্য প্রায়ই সেই নারী নন, বরং তার পরিবারের অন্য কোনো সদস্য।
অধ্যাপক জোবাইদা নাসরীনের মতে, ঐতিহাসিকভাবে নারীর যৌনতাকে কেন্দ্র করে তাকে ভালো বা খারাপ হিসেবে বিচার করার প্রবণতা রয়েছে। ভিক্টোরীয় যুগের নৈতিকতার ধারণা এবং তারও আগের সামাজিক মূল্যবোধে এই প্রবণতার উপস্থিতি দেখা যায়।
তিনি বলেন, নারীর সতীত্ব ও যৌন আচরণকে তার নৈতিক চরিত্রের মাপকাঠি হিসেবে বিবেচনা করা হয়। এ কারণেই মায়ের যৌনতাকে আক্রমণ করাকে অত্যন্ত অসম্মানজনক বলে মনে করা হয়।
তবে বাংলা ভাষায় এ ধরনের গালির প্রচলন ঠিক কখন শুরু হয়েছে, তা নির্দিষ্ট করে বলা কঠিন বলে জানান তিনি। তার মতে, বিভিন্ন ভাষায় নারীর শরীর ও যৌনতাকে কেন্দ্র করে অপমানসূচক শব্দ রয়েছে। এসব শব্দ শুধু কাউকে হেয় করতেই নয়, কোনো কোনো ক্ষেত্রে নিপীড়নের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক তানিয়া হকও মনে করেন, মা-বোনকে নিয়ে গালি দেওয়ার পেছনে অন্যকে গভীরভাবে আঘাত করার উদ্দেশ্য কাজ করে।
তিনি বলেন, এ ধরনের গালি মানুষের মনে তীব্র আঘাত করে বলেই তা ব্যবহার করা হয়। সমাজে দীর্ঘদিন ধরে যে ভাষার প্রচলন রয়েছে, মানুষ অন্যকে আঘাত করতে সেই ভাষাই ব্যবহার করে।
তার মতে, সমাজে নারীদের নিয়ে কটূক্তি ও বিদ্রূপকে অনেক সময় স্বাভাবিক আচরণ হিসেবে দেখা হয়।
অভ্যাস, নাকি নারীবিদ্বেষ?
অনেকেই অভ্যাসবশত মা-বোনকে নিয়ে গালি দেন। এসব শব্দের আক্ষরিক অর্থ নিয়েও হয়তো তারা ভাবেন না। কিন্তু অভ্যাসের বশে ব্যবহার করলেও এ ধরনের গালিকে কি নারীবিদ্বেষী আচরণ বলা যায়?
অধ্যাপক জোবাইদা নাসরীন মনে করেন, মানুষ অভ্যাসবশত এসব গালি ব্যবহার করলেও এর মধ্য দিয়ে নারীর প্রতি অসম্মান ও নারীবিদ্বেষী মনোভাবেরই প্রকাশ ঘটে।
তিনি বলেন, সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত কিছু আচরণ মানুষ অভ্যাস হিসেবে গ্রহণ করে। কিন্তু সেই অভ্যাসের মধ্য দিয়েই পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা ও ক্ষমতার সম্পর্ক বারবার প্রকাশ পায়।
তার মতে, মা-বোনকে নিয়ে গালাগালি লিঙ্গভিত্তিক ক্ষমতার রাজনীতির একটি হাতিয়ার। নারীকে হেয় করা কিংবা দমিয়ে রাখার ক্ষেত্রেও এ ধরনের ভাষা ব্যবহৃত হতে পারে।
অধ্যাপক তানিয়া হকও মনে করেন, সমাজে দীর্ঘদিন ধরে অসম্মানজনক ভাষার চর্চা চলতে থাকায় মানুষ অনেক সময় এর প্রভাব নিয়ে ভাবেন না। অন্যকে সম্মান করার চর্চা যথেষ্ট প্রতিষ্ঠিত না হলে প্রচলিত অপমানসূচক ভাষাই মানুষ বারবার ব্যবহার করেন।
নারীরাও কেন একই গালি দেন?
মা-বোনকে নিয়ে গালাগালির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এ ধরনের ভাষা শুধু পুরুষেরাই ব্যবহার করেন না। নারীদের মধ্যেও এর প্রচলন রয়েছে। কিন্তু একজন নারীও কেন অন্য একজনের মাকে নিয়ে যৌন ইঙ্গিতপূর্ণ গালি দেন?
বিশ্লেষকদের মতে, পুরুষতান্ত্রিক চিন্তাভাবনা শুধু পুরুষদের মধ্যে সীমাবদ্ধ নয়। নারী-পুরুষ উভয়েই একই সামাজিক ব্যবস্থার মধ্যে বেড়ে ওঠেন। ফলে সমাজে প্রচলিত ভাষা ও আচরণ উভয়েই শিখে থাকেন।
অধ্যাপক জোবাইদা নাসরীনের মতে, একজন নারী যখন অন্যের মাকে নিয়ে গালি দেন, তখন তিনিও সমাজ থেকে শেখা সেই ভাষাই ব্যবহার করেন।
এর পেছনে আরেকটি মনোভাবও কাজ করতে পারে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ‘পুরুষেরা যদি এ ধরনের গালি দিতে পারেন, তাহলে নারীরা কেন পারবেন না’—এমন ধারণা থেকেও কেউ একই ভাষা ব্যবহার করতে পারেন।
তবে এতে গালির মধ্যে থাকা পুরুষতান্ত্রিক ধারণার কোনো পরিবর্তন হয় না। বরং একই ধরনের ভাষার চর্চা অব্যাহত থাকে।
অধ্যাপক তানিয়া হকও বলেন, নারী ও পুরুষ উভয়েই সমাজে প্রচলিত একই অপমানসূচক শব্দ ব্যবহার করছেন। কিন্তু সেই ভাষার মাধ্যমে নারীদেরই যে হেয় করা হচ্ছে, তা অনেক সময় খেয়াল করা হয় না।
অর্থাৎ, সমাজে নারীর প্রতি অসম্মানজনক আচরণ যখন স্বাভাবিক হয়ে ওঠে, তখন নারীরাও অজান্তে সেই একই ভাষার চর্চায় অংশ নেন।

About: Kutubi Cox
a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা, বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন! e-Blog ই-ব্লগ এর নিউজ বা আর্টিকল অনলাইন Sources থেকে সংগ্রহ করে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল
You may also like...
BNM Special
BNM Archive
BNM Archive
-
▼
2026
(2765)
-
▼
November
(351)
-
▼
Nov 07
(8)
- ঝগড়া দুজনের, গালাগালিতে মা-বোন কেন
- ক্ষমতাচ্যুত করে পেনাকে গৃহবন্দি, প্যারাগুয়ের নতুন ...
- আরেকটু হলেই হারিয়ে যেত মানুষের পূর্বপুরুষ by জাহিদ...
- কট্টরপন্থি মিলারকে চিফ অব স্টাফ করলেন ট্রাম্প, যেভ...
- ধ্বংসস্তূপ গাজায় ২৫০ যুগলের গণবিয়ে
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে যে কারণে জয় পেল...
- ‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন...
- চোখের রং নীল, সবুজ ও বাদামি হয় কেন by জাহিদ হোসাইন...
-
▼
Nov 07
(8)
-
▼
November
(351)
- ► 2025 (3281)
- ► 2024 (2551)
- ► 2021 (129)
- ► 2020 (416)
- ► 2019 (6282)
- ► 2018 (7025)
- ► 2017 (8870)
- ► 2016 (3416)
- ► 2015 (11541)
- ► 2014 (9799)
- ► 2013 (14877)
- ► 2012 (33842)
- ► 2011 (13932)
- ► 2010 (9402)
Recent Posts
Popular Posts
-
শিশুদের বার্নআউট হওয়ার লক্ষণ অনেকেরই চোখ এড়িয়ে যায়। কারণ, বড়দের তুলনায় তাদের চাপকে অনেকেই হালকা মনে করেন। এ ছাড়া অনেকে ভাবেন, শিক্ষাজীবন হলো...
-
প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নিজেকে নগ্নভাবে মেলে ধরে ব্যাপকভাবে সমালোচনায় আসা শার্লিন চোপড়া এবার ভারতীয় চলচ্চিত্রে নগ্নতার বৈধতা চাই...
-
কিডনির রোগকে বলা হয় ‘নীরব ঘাতক’। কারণ, অনেক সময় কোনো লক্ষণ ছাড়াই এটি ধীরে ধীরে শরীরকে ক্ষতিগ্রস্ত করে। অথচ সামান্য সচেতনতা, নিয়মিত পরীক্ষা এ...
-
‘সেক্স’ ছাড়া এক ঘণ্টার বেশি এক মুহূর্ত থাকতে পারেননা অভিনেত্রী ভূমি পাড়নেকার৷ না, কমেন্ট টা কিন্তু তিনি নিজে করেননি৷ করেছেন তাঁর সহ অভ...
-
ক্যারিয়ারের শুরু থেকেই নগ্নতার মাধ্যমে আলোচনা-সমালোচনায় রয়েছেন ভারতীয় মডেল-অভিনেত্রী পুণম পা-ে। ‘ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলে নগ্ন হয়ে...
-
প্রতীকি ছবি এখনও কুমারী থাকা ১৬ কলেজছাত্রীকে বৃত্তি দিয়েছে দক্ষিণ আফ্রিকার এক মেয়র। এর মাধ্যমে অন্যদের কুমারিত্ব ধরে রাখার জন্য উৎসা...
-
C onservative groups responding to Occupy Wall Street argue that hard work, not protests, will bring people out of poverty. Is that tr...
-
নাইওর-ফিরতি কনের মতো মন খারাপ করা বিকেলে টুকু বৈদ্যবাড়ি পৌঁছায়—সে আর তার স্বামী। সকালেই যাত্রা করেছিল তারা। দুপুরে দাওয়াত ছিল আমির হোসে...
-
বয়স তখন সবে ৭ বছর। তখনও সাবালিকা হতে অনেক দেরি। তবে সেই শিশু বয়সেই পরিচয় ঘটে জীবনের এক ভয়ঙ্কর দুর্বিসহ ঘটনার সঙ্গে। ৩২ বছর ধরে বুকের এক...
-
বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোয় ছাত্র সংসদের নিয়মিত নির্বাচন হলে দেশে নেতৃত্বের দেউলিয়াপনা সৃষ্টি হতো না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট...
No comments:
Post a Comment