গাজায় ইসরাইলি হামলায় একই পরিবারের ৪ সদস্য নিহত

যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) উত্তর গাজা উপত্যকার বেইত লাহিয়ায় এ হামলা চালানো হয়।

জানা গেছে, আহমেদ পরিবারের একটি বাড়িতে হামলার পর নিহত চারজনের লাশ গাজা শহরের আল-শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হামলায় আরো বেশ কয়েকজন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচে অনেকে নিখোঁজ রয়েছেন।

এদিকে বার্তাসংস্থা ওয়াফা জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয়কেন্দ্র ও তাঁবু লক্ষ্য করে ইসরাইলি সামরিক যান ও ড্রোন থেকে গুলি চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত ব্যক্তিকে আল-শিফা হাসপাতালে নেয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এক নৃশংস যুদ্ধে ৭৩ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা এবং এক লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষকে আহত করেছে ইসরাইলি সেনাবাহিনী।

সূত্র : আনাদোলু অ্যাজেন্সি

ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা
ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত গাজা। ফাইল ছবি