ইসরায়েলের কড়া সমালোচনা করে ফিলিস্তিনের পক্ষ নিলেন বারাক ওবামা

মধ্যপ্রাচ্য সংঘাতে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, সামরিক শক্তি দিয়ে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা যায় না। ফিলিস্তিনিদের প্রতি কোনো ছাড় না দেওয়ার অবস্থান ইসরায়েলের নৈতিক অবস্থানকে দুর্বল করছে। খবর আনাদোলু এজেন্সির।

উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্টে পুরস্কারজয়ী লেখক ও সাংবাদিক সুসান ম্যাকের সঙ্গে এক আলোচনায় এসব কথা বলেন ওবামা। বেলফাস্ট টেলিগ্রাফের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গাজায় ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা বলতে গিয়ে ওবামা বলেন, এই সহিংসতা সবার জন্যই বেদনাদায়ক হওয়া উচিত। ঐতিহাসিক ক্ষোভ ও গভীর বিভাজন থেকে সহিংসতার এই ধ্বংসাত্মক চক্র তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

ইউরোপে ইহুদিদের দীর্ঘদিনের নিপীড়নের ইতিহাস স্বীকার করেন ওবামা। একই সঙ্গে তিনি বলেন, ভূমি হারানোর মধ্য দিয়ে ফিলিস্তিনিরাও অবিচারের শিকার হয়েছেন।

ওবামা বলেন, এটি অস্বীকার করার উপায় নেই। এটিও অস্বীকার করা যায় না যে তারা মানুষের কাছ থেকে জমি কেড়ে নিয়েছে এবং বাড়াবাড়ি করেছে। ফলে ওই মানুষরা স্বাভাবিকভাবেই বলেছেন, এটি অবিচার, আমি আমার জমি ফেরত চাই।

সহিংসতার চক্র ভাঙতে তুলনামূলকভাবে শক্তিশালী পক্ষের দায়িত্ব বেশি বলে মনে করেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। তার মতে, শুধু সামরিক ও প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের ওপর নির্ভর না করে সংঘাত নিরসনে উদ্যোগী হতে হবে।

ওবামা বলেন, ইসরায়েলের মনোভাব যদি এমন হয় যে, এখন আমরা সবচেয়ে শক্তিশালী এবং এ অঞ্চলে প্রযুক্তিগতভাবে সবচেয়ে উন্নত; তাই আমাদের নিরাপত্তা নির্ভর করবে আমরা যা প্রয়োজন মনে করি তা-ই করা এবং যা চাই তা-ই নেওয়ার ওপর, কারও প্রতি কোনো ছাড় না দেওয়ার ওপর, তাহলে তা স্বল্পমেয়াদে তা কাজ করতে পারে। কিন্তু এমন অবস্থান নিলে আপনি নৈতিক অবস্থান হারিয়েছেন।

ইসরায়েলের বর্তমান সরকার এই দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে বলে মনে করেন ওবামা। তিনি বলেন, ওই সরকারকে স্বীকার করতে হবে যে, লাখ লাখ ফিলিস্তিনি এ অঞ্চল ছেড়ে চলে যাবেন না।

ওবামার মতে, আমি বলব, ইসরায়েলের বর্তমান সরকার এমন অবস্থানই নিয়েছে বলে মনে হচ্ছে। তাদের বুঝতে হবে, ৭০ লাখ ফিলিস্তিনি কোথাও চলে যাচ্ছেন না।

তিনি আরও বলেন, তাদের ওপর এমন কোনো পরিস্থিতি চাপিয়ে দেওয়া টেকসই নয়, যা কেউ নিজের জন্য মেনে নেবে না।

সূত্র: আনাদোলু এজেন্সি

গাজার বেইট লাহিয়া। পুরোনো ছবি
গাজার বেইট লাহিয়া। পুরোনো ছবি >> ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা জোরদার হয়েছে। রাতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি বিমান হামলার মধ্যে একটি পরিবারের বাড়ির একাংশ ধসে পড়েছে। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্যরাতের পর গাজার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়। ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, হামলার কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। শুক্রবার ফিলিস্তিনি সাংবাদিকদের প্রকাশ করা একটি ভিডিও যাচাই করেছে আলজাজিরা। ভিডিওতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পরিবারের বাড়ির সামনের অংশের একাংশ ধসে পড়তে দেখা যায়। এতে ভবনটির সামনের দেয়ালের একটি অংশ ভেঙে পড়ে। ধ্বংসস্তূপ ও ইটপাথর পাশের দোকানগুলোর সামনের ফুটপাতে ছড়িয়ে থাকতে দেখা গেছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলা জোরদার হওয়ার মধ্যে এ ঘটনা ঘটল। ওই এলাকায় উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। সূত্র: আলজাজিরা