ইয়েমেনের মারিবে সৌদি ড্রোন ভূপাতিতের দাবি হুতিদের

ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি আরবের একটি সশস্ত্র নজরদারি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে দেশটির হুতি সশস্ত্র বাহিনী।

শুক্রবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে এ দাবি করেন। তিনি বলেন, সৌদি আরবের ড্রোনটি মারিব প্রদেশের আকাশসীমায় ‘শত্রুতামূলক তৎপরতা’ চালাচ্ছিল।

ইয়াহিয়া সারির দাবি, হুতি বাহিনী উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করেছে। তবে কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

ভূপাতিত ড্রোনটি চীনের তৈরি উইং লুং টু মডেলের সশস্ত্র নজরদারি ড্রোন বলে দাবি করেছে হুতি বাহিনী।

তবে এ ঘটনায় সৌদি আরবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: আলজাজিরা

ভিন্ন ঘটনার ছবি: এপি
ভিন্ন ঘটনার ছবি: এপি