কুয়েতে ড্রোন হামলা, ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি আঘাত

মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। কুয়েতে ড্রোন হামলার খবর জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। ইরানের দক্ষিণাঞ্চলের কেশম দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটির একটি রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালানোর দাবি করে ইরান।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে কুয়েতের সেনাবাহিনী জানায়, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করছে। বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে হামলা ঠেকানোর কারণে হচ্ছে। তবে ড্রোনগুলো কোথা থেকে এসেছে, হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানায়নি কুয়েত।

এর আগে ইরানের হরমোজগান প্রদেশের কেশম দ্বীপে কয়েক দফা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে প্রদেশটির উপগভর্নর আহমাদ নাফিসি জানান, হামলায় আবাসিক, বাণিজ্যিক বা অবকাঠামোগত কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উদ্ধারকারী সংস্থাগুলো সতর্ক অবস্থানে আছে।

তবে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা আলজাজিরাকে জানিয়েছেন, কেশম দ্বীপের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালানো হয়েছে। বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়।

এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত একটি রাডার ব্যবস্থায় নিখুঁতভাবে ড্রোন হামলা চালিয়েছে তারা। ইরানের আকাশসীমায় মার্কিন সামরিক ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান।

তবে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে ছোড়া ইরানি ড্রোনগুলো প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সরঞ্জাম বা কোনো সেনাসদস্যের ক্ষতি হয়নি। বাহরাইনও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা হামলা ঠেকিয়েছে। দেশটির রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

আলজাজিরা ও এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ দিনের মধ্যে বাহরাইনে এটি ইরানের তৃতীয় ড্রোন হামলা। বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে তিনটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত পেয়েছে বলে দাবি করেছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা প্রণালির প্রধান নৌপথগুলো থেকে মাইন সরিয়ে ফেলেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করার চেষ্টা করছে ইরান। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। এর জবাবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং ট্যাংকার চলাচলে পাহারা দিচ্ছে।

অন্যদিকে যুদ্ধের উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতাও চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি জাহাজ চলাচলের নিরাপত্তা এবং কূটনৈতিক সমাধানের পথ নিয়ে আলোচনা করেছেন।

সূত্র: আলজাজিরা, এএফপি

ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে মঙ্গলবার আগুনে জ্বলতে থাকা একটি তেলবাহী জাহাজ। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম/রয়টার্স।
ওমানের উপকূলের কাছে হরমুজ প্রণালিতে মঙ্গলবার আগুনে জ্বলতে থাকা একটি তেলবাহী জাহাজ। ছবি: সামাজিক যোগাযোগমাধ্যম/রয়টার্স।