‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় নেই: গোপনে সাংগঠনিক যোগাযোগ ও অর্থায়নের অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই অভিযানে শুধু রাজপথে সক্রিয় নেতাকর্মীরাই নন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে দৃশ্যমান নন—এমন নেতারাও রয়েছেন নজরদারিতে। সাবেক মন্ত্রী, সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতা, যারা ৫ আগস্টের পর দেশত্যাগ করতে পারেননি, তাদেরও চিহ্নিত করে গ্রেপ্তারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। গোয়েন্দা সূত্র বলছে, প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ডে না থাকলেও আওয়ামী লীগের এসব নেতার কেউ কেউ আড়ালে থেকে সাংগঠনিক যোগাযোগ রক্ষা, অর্থায়ন এবং কর্মীদের সংগঠিত করার কাজে যুক্ত রয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। বিদেশে অবস্থানরত দলের শীর্ষ নেতাদের নির্দেশনা ও যোগাযোগের ভিত্তিতে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে বলেও গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। এসব কর্মকাণ্ডে কারা অর্থের জোগান দিচ্ছেন, কারা সমন্বয় করছেন এবং কারা মাঠপর্যায়ে কর্মীদের সক্রিয় করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত কয়েক দিনের গ্রেপ্তারের ঘটনাতেও এর প্রতিফলন দেখা গেছে। তিন দিনে আওয়ামী লীগের সাবেক দুই মন্ত্রী ও একজন সাবেক মেয়রকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও ঢাকা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাঈদ খোকন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরু এবং সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।

গত ১৭ নভেম্বর বারিধারার বাসা থেকে গ্রেপ্তার হন সাঈদ খোকন। পরদিন ১৮ নভেম্বর সকালে বারিধারা ডিওএইচএসের বাসা থেকে গ্রেপ্তার করা হয় হিরুকে। একই দিন রাত ২টা ২০ মিনিটে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন নুরুল ইসলাম নাহিদ। সাঈদ খোকন ২০১৫ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন এবং ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন। হিরু টানা চার মেয়াদে সংসদ সদস্য ছিলেন এবং ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। অন্যদিকে নাহিদ ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত টানা ১০ বছর শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনজনের বিরুদ্ধেই ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিভিন্ন মামলা হয়েছে।

ডিসেম্বরকে সামনে রেখে আত্মগোপনে থাকা অনেক সাবেক এমপি-মন্ত্রী সক্রিয় হচ্ছে, নাশকতায় অর্থায়নসহ বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করতে চায়। তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

সর্বশেষ সাবেক শিক্ষামন্ত্রী ও এমপি নাহিদকে গ্রেপ্তারের বিষয়ে ডিএমপি ডিবি প্রধান কালবেলাকে বলেন, তিনি ৫ আগস্টের পর নিষ্ক্রিয় ছিলেন। কিন্তু সম্প্রতি দেশের বাইরে থাকা শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ করে কর্মীদের নানাভাবে উসকানি দিয়ে সহিংসতা করাচ্ছেন। অর্থায়নেরও তথ্য পাওয়া যাচ্ছে। আমরা সেগুলো খতিয়ে দেখছি।

এদিকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তারের আগে তার বাসায় ডিবি পরিচয়ে তল্লাশির নামে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করেছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

অভিযোগের বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর কালবেলাকে বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বিষয়টি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ জানানোর জন্য বলা হয়েছে। খালিদ মনসুর বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতেই ডিবি ও থানা পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে যাচাই করছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর উত্তরায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এই আদেশ দেন।

ডিএমপি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৫৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন। এ ছাড়া ১৮ নভেম্বর সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ডিবির একজন কর্মকর্তা বলেন, গ্রেপ্তার এড়াতে অনেক নেতা ঘন ঘন অবস্থান পরিবর্তন করছেন। কেউ আত্মীয়স্বজনের বাসায়, কেউ পরিচিতজনের বাসায় আবার কেউ ভিন্ন এলাকায় অবস্থান করছেন। মোবাইল ফোন ও যোগাযোগের মাধ্যম পরিবর্তন করেও নজরদারি এড়ানোর চেষ্টা করছেন কেউ কেউ। এ কারণে তাদের অবস্থান শনাক্তে প্রযুক্তিগত নজরদারির পাশাপাশি মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।

বিশেষ করে ৫ আগস্টের পর যেসব সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য দেশ ছেড়ে যেতে পারেননি, তাদের একটি তালিকা তৈরি করে অবস্থান শনাক্তের কাজ চলছে বলে জানা গেছে। তাদের বর্তমান অবস্থান, যোগাযোগের নেটওয়ার্ক, আর্থিক লেনদেন এবং রাজনৈতিকভাবে সক্রিয় নেতাকর্মীদের সঙ্গে সংশ্লিষ্টতা যাচাই করছেন গোয়েন্দারা। বিদেশে অবস্থানরত নেতাদের সঙ্গে দেশে থাকা নেতাদের যোগাযোগের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এর আগে সাম্প্রতিক নাশকতার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের মোবাইল আর্থিক লেনদেন বিশ্লেষণ করে বিদেশে অবস্থানরত সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের অর্থায়নের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল ডিবি সূত্র। নাশকতার পরিকল্পনা ও অর্থের উৎস শনাক্তে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়টিও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছে, রাজনৈতিক পরিচয় বা বর্তমানে দৃশ্যমান সাংগঠনিক অবস্থান বিবেচনায় কাউকে বাদ দেওয়া হচ্ছে না। অতীতের পদ-পদবি, বর্তমান যোগাযোগ, অর্থায়ন এবং নাশকতা বা সহিংসতায় সংশ্লিষ্টতার তথ্য যাচাই করেই ব্যবস্থা নেওয়া হবে। তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) কামারুম মুনিরা বলেন, গ্রেপ্তারের বিষয়টি মূলত সুনির্দিষ্ট মামলা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হচ্ছে। কারও বিরুদ্ধে মামলা থাকলেই তাকে তাৎক্ষণিক গ্রেপ্তারের করা সম্ভব হয় না। অনেকেই দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাদের অবস্থান শনাক্ত করতে সময় লেগেছে। সাম্প্রতিক নাশকতার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এটা এখন পূর্ব পাকিস্তান, অ্যারেস্টের কারণ দেখাতে পারেনি: জ্যোতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ভাটারা থানার এনামুল হক নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আলোচিত ‘আলো আসবে’ গ্রুপের অ্যাডমিন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়ার সময় এই অভিনেত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এটা এখন পূর্ব পাকিস্তান’ বৃহস্পতিবার সন্ধ্যায় শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত জ্যোতিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিকে কারাগারে যাওয়ার সময় অভিনেত্রী জ্যোতিকে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। আদালত প্রাঙ্গণে আসার পর জ্যোতি মাথার হেলমেট হাত দিয়ে সরিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘এই আপনারা বলে দিয়েন। এটা এখন পূর্ব পাকিস্তান। আমাকে গ্রেপ্তার করার কোনো কারণ দেখাতে পারে নাই।’ এ সময় নারী পুলিশ সদস্যরা তার মুখে হেলমেট চেপে ধরেন। পরে দ্রুত তাকে গাড়িতে তোলা হয়।

এর আগে গত বুধবার রাত আড়াইটার দিকে রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালায়। সেখান থেকে জ্যোতিকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। ওই সময়ে তাদের ওপর গুলি চালানো হয়। এতে এনামুল হকের পায়ে গুলি লাগে। তিনি হাসপাতালে চিকিৎসা নেন। ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। এই মামলায় জ্যোতিকা জ্যোতি ২১৬ নম্বর এজাহারনামীয় আসামি।

দেশজুড়ে গ্রেপ্তার জয়পুরহাটের আক্কেলপুরে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরগুনা আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ডে নিষিদ্ধ ছাত্রলীগ ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশের অভিযানে দুজনসহ গ্রেপ্তার হন ১১ জন।

বগুড়ার শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রামের বোয়ালখালীতে পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে।

চুয়াডাঙ্গার দর্শনার সাবেক পৌর মেয়র কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা আতিয়ার রহমান হাবুকে আটক করেছে ডিবি। ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জয় ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিশ্বজিৎ রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও নাশকতার প্রস্তুতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, জননিরাপত্তা বিঘ্নিত করা ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে করা মামলায় মুক্তিযুদ্ধ মঞ্চের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নাশকতার অভিযোগে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পিরোজপুরের কাউখালী উপজেলার কুমিয়ান এলাকা থেকে আমরাজুড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনার দিঘলিয়ায় কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বরিশালের মেহেন্দীগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রিপন এবং উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক খান মোহাম্মদ রিয়াদকে গ্রেপ্তার করা হয়েছে।

সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রঞ্জিত সরকারের গোপন সভার ভিডিওতে ব্যানার ধরে থাকা জামালগঞ্জ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরগুনায় নাশকতার চেষ্টা, ককটেল বিস্ফোরণ, বাস ভাঙচুর ও বিভিন্ন স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় নেই
‘নিষ্ক্রিয়’ নেতারাও গ্রেপ্তারের তালিকায়, কারও ছাড় নেই