‘ইরানের নেতৃত্ব আরও কট্টরপন্থিদের হাতে চলে গেছে’

ইসরায়েলের বিরোধীদল নেতার অভিযোগঃ ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ফলে ইসরায়েলের জাতীয় স্বার্থ রক্ষা হয়নি; বরং ইরানের নেতৃত্ব আরও কট্টরপন্থিদের হাতে চলে গেছে। এমন অভিযোগ করেছেন দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়াইর গোলান।

শনিবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার তেল আবিবের দক্ষিণে রিশন লেৎসিয়ন শহরে একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় এ মন্তব্য করেন গোলান।

তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে মনে করি, খামেনিকে হত্যা করা একটি ভুল ছিল। এটা এ কারণে নয় যে তিনি হত্যার যোগ্য ছিলেন না; বরং এ কারণে যে এটি ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে কাজ করেনি।’

৮৬ বছর বয়সী আলী খামেনিকে হত্যার সিদ্ধান্তের সমালোচনা করে গোলান দাবি করেন, তার ছেলে মোজতবা খামেনি উত্তরসূরি হওয়ার পর ইরানের নেতৃত্ব আরও চরমপন্থী ও সহিংস ব্যক্তিদের হাতে চলে গেছে।

এ ছাড়া ইরান সরকার উৎখাতের লক্ষ্যকে অবাস্তব বললেন গোলান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও সমালোচনা করেন তিনি। ইরানের সরকারকে উৎখাত করার লক্ষ্যকে তিনি ‘অবাস্তব’ বলে উল্লেখ করেন। তার মতে, এ লক্ষ্য এখনো অর্জিত হয়নি।

প্রসঙ্গত, ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পরপরই আলী খামেনি নিহত হন। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। একই সময়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

ইয়াইর গোলান। ছবি: আনাদোলু এজেন্সি
ইয়াইর গোলান। ছবি: আনাদোলু এজেন্সি