খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স

ইরানের গুরুত্বপূর্ণ তেলকেন্দ্র খার্গ দ্বীপে ভয়াবহ হামলা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক লাইনের একটি পোস্টে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ ধ্বংস করে দেওয়া হচ্ছে।’ পোস্টের সঙ্গে বিস্ফোরণের একটি ভিডিওও দেন তিনি। তবে হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য দেননি ট্রাম্প।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটি পরীক্ষা করে দেখা গেছে, এটি সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। এআই-নির্মিত ছবি শনাক্ত করার একটি সফটওয়্যারও ভিডিওটিকে কৃত্রিমভাবে তৈরি হওয়ার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে

হোয়াইট হাউস ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরও ট্রাম্পের দাবির বিষয়ে রয়টার্সের প্রশ্নের তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। ইরানের গণমাধ্যম থেকেও ট্রাম্পের ওই বক্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

যুদ্ধ শুরুর আগে ইরানের প্রায় ৯০ শতাংশ তেল রপ্তানি খার্গ দ্বীপের ওপর নির্ভরশীল ছিল। ফলে যুক্তরাষ্ট্র যদি সত্যিই দ্বীপটিতে হামলা চালিয়ে থাকে, তাহলে ইরানের তেল রপ্তানি ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এর আগে হরমুজ প্রণালির লারাক দ্বীপে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণস্থলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। খার্গ দ্বীপ থেকে লারাকের দূরত্ব প্রায় ৬৬০ কিলোমিটার।

ইরানের গণমাধ্যমের দাবি, লারাকে মার্কিন হামলার জবাবে ইরান জর্ডানে থাকা দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।

এর মধ্য দিয়ে কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত অবস্থার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আবারও সরাসরি সামরিক উত্তেজনা শুরু হয়েছে। গত কয়েক সপ্তাহে ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপের বদলে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিয়েছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইরানের ওপর চাপ বাড়াতে প্রতি সপ্তাহে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। শুরুতে ইরানের সঙ্গে লেনদেন করা ব্যাংকগুলোকে লক্ষ্য করা হবে।

বেসেন্ট বলেন, ইরানের অর্থ রাখা বা দেশটির সরকারকে সহায়তা করা ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে কোনো প্রতিষ্ঠানকে পুরোপুরি ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হতে পারে।

তিনি বলেন, আগামী সপ্তাহগুলোতে এ ধরনের আরও অনেক নিষেধাজ্ঞা দেখা যেতে পারে।

সূত্র: রয়টার্স

খার্গ দ্বীপের স্যাটেলাইট চিত্র। ছবি: রয়টার্স থেকে
খার্গ দ্বীপের স্যাটেলাইট চিত্র। ছবি: রয়টার্স থেকে