‘বসনিয়ার কসাই’ সার্ব জেনারেল মারা গেছেন

বসনিয়ার ১৯৯২-১৯৯৫ সালের যুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক বসনিয়ান সার্ব জেনারেল রাতকো ম্লাদিচ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

বৃহস্পতিবার জাতিসংঘের এক কর্মকর্তা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এ বরাতে খবর প্রকাশ করে আল জাজিরা। সার্বিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আরটিএস ও বসনিয়ান সার্বদের সরকারি টেলিভিশনও তার মৃত্যুর খবর প্রচার করে। ম্লাদিচ নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের কারাগারের একটি হাসপাতালে মারা যান।

‘বসনিয়ার কসাই’ নামে পরিচিত ম্লাদিচ ২০১৭ সালে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ২০২১ সালে তার আপিলও খারিজ করে দেওয়া হয়।

১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসায় জাতিসংঘ ঘোষিত ‘নিরাপদ অঞ্চল’-এ অন্তত ৮ হাজার বসনীয় মুসলিম পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনায় ম্লাদিচকে গণহত্যার জন্য দায়ী করা হয়। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের অন্যতম ভয়াবহ নৃশংসতা হিসেবে বিবেচিত।

বসনীয় যুদ্ধে ম্লাদিচের বাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধন ও বেসামরিক জনগণের ওপর ব্যাপক সহিংসতার অভিযোগ প্রমাণিত হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার কর্মকাণ্ডকে মানবজাতির জানা সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে অন্যতম হিসেবে উল্লেখ করেছিল।

ম্লাদিচ দীর্ঘদিন কারাবন্দি অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। সম্প্রতি জাতিসংঘের একজন চিকিৎসক জানিয়েছিলেন, যে কোনো সময় তার মৃত্যু হতে পারে।

তার মৃত্যুর মধ্য দিয়ে বলকান অঞ্চলের সবচেয়ে আলোচিত ও ভয়াবহ যুদ্ধাপরাধের একটি অধ্যায়ের অন্যতম প্রধান চরিত্রের জীবনাবসান হলো।

সূত্র: আল জাজিরা

রাতকো ম্লাদিচ। ছবি: রয়টার্স
রাতকো ম্লাদিচ। ছবি: রয়টার্স