সিডনিতে মালয়েশিয়ার কনস্যুলারের কর্মী নিহত

অস্ট্রেলিয়ায় মালয়েশিয়ার কনস্যুলারের এক কর্মচারী গত রোববার সিডনিতে তাঁর বাড়ির পাশের রাস্তায় ছুরিকাঘাতে নিহত হয়েছেন। গতকাল সোমবার কর্মকর্তারা এ কথা জানান।
৪৩ বছর বয়সী ওই ব্যক্তি মালয়েশিয়ার কনসাল জেনারেলের গাড়িচালক ছিলেন। রোববার রাতে দুজন লোক তাঁকে ছুরিকাঘাত করে হত্যা করে। একজন নারী পথচারী তাঁকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। গোয়েন্দা পরিদর্শক শেন উলব্যাংক বলেন, এটি ছিল একটি নৃশংস হামলা।
মালয়েশীয় কনসাল জেনারেল মোহাম্মদ নাসির আবু হাসান বলেন, নিহত ব্যক্তি একজন মালয়েশীয়। তিন বছর ধরে তিনি গাড়িচালক হিসেবে কনস্যুলেটে কর্মরত ছিলেন।