নিজের খুনে লাল ছাত্রলীগ by সোহরাব হাসান

প্রায় ৪০ বছর আগের ও পরের দুটি ঘটনা। প্রথমটি ঘটেছে ১৯৭৪ সালে, দ্বিতীয়টি ২০১৪ সালের ১ এপ্রিল। দুটো ঘটনারই ঘটক সরকারদলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ এবং শিকারও ছাত্রলীগ। প্রথম ঘটনাটির স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল। ঘাতকেরা রাতের বেলা টিভিকক্ষের সামনে ব্রাশফায়ার করে কোহিনুরসহ ছাত্রলীগের সাতজন নেতা-কর্মীকে হত্যা করে, যাঁরা সংগঠনের সাধারণ সম্পাদক শফিউল আলমের বিরোধী হিসেবে পরিচিত। ঘটনার পরপরই শফিউল আলম প্রধান হত্যার বিচারের দাবিতে ক্যাম্পাসে মিছিল বের করেছিলেন।