ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের

ভারতের উত্তর প্রদেশের সাহারানপুরে শতবর্ষী একটি মসজিদ ভেঙে ফেলার ঘটনায় আদালত অবমাননার আবেদনের শুনানি করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচী ও ভি. মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ আবেদনটি শুনানি করতে অস্বীকৃতি জানায়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আবেদনের নথিপত্র এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেয় দেশটির সর্বোচ্চ আদালত। খবর মাকতুব মিডিয়ার।

ওই আবেদনে অভিযোগ করা হয়, সাহারানপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে অবস্থিত মসজিদটি গত ১৬ সেপ্টেম্বর গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্য দিয় ২০২৪ সালের নভেম্বরে বুলডোজার দিয়ে উচ্ছেদের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘিত হয় বলে এতে বলা হয়েছে। উত্তর প্রদেশের মুখ্য সচিব শশী প্রকাশ গোয়েলের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনটি করেন ইমরান আহমদ নামের এক ব্যক্তি।

আবেদনকারীর আইনজীবী ফোজিয়া রহমান আদালতে বলেন, অপরাধের অভিযোগে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিদের সম্পত্তিতে বুলডোজার চালানোর ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে ২০২৪ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছিল, মসজিদটি ভেঙে ফেলার মাধ্যমে তা লঙ্ঘিত হয়েছে। কর্তৃপক্ষের এ পদক্ষেপ সর্বোচ্চ আদালতের নির্দেশনার অবমাননা বলেও যুক্তি দেন তিনি।

তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, মসজিদটি ভাঙার ঘটনায় প্রকৃতপক্ষে কী ঘটেছে, তা আগে হাইকোর্টে যথাযথ আইনি প্রক্রিয়ায় প্রতিষ্ঠা করতে হবে। তিনি বলেন, ‘প্রথমে আপনাকে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। হাইকোর্টে যান। এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করুন। এ আদালতের রায়ের ভিত্তিতে আপনি প্রতিকার পেতেও পারেন। আমরা কিছু নীতিমালা নির্ধারণ করে দিয়েছি। কোথায়, কী প্রেক্ষাপটে এবং কী পরিস্থিতিতে এসব নীতিমালা লঙ্ঘন করা হয়েছে, তা আগে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে প্রতিষ্ঠা করতে হবে।’

ফোজিয়া রহমান ২০২৪ সালের রায় কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে না বলে যুক্তি তুলে ধরলে প্রধান বিচারপতি বলেন, একই ধরনের আবেদন সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট হাইকোর্টগুলোতে পাঠাচ্ছেন। হাইকোর্ট প্রয়োজনীয় প্রতিকার দিতে ব্যর্থ হলে আবেদনকারী আবারও সুপ্রিম কোর্টে আসতে পারবেন বলেও জানান তিনি।

বিচারপতি ভি. মোহনাও বলেন, সুপ্রিম কোর্টের কোনো রায় লঙ্ঘনের অভিযোগ উঠলেই প্রতিটি ঘটনা সরাসরি সর্বোচ্চ আদালতে নিয়ে আসা যায় না। ঘটনার প্রকৃত তথ্য-উপাত্ত প্রতিষ্ঠায় তদন্তের প্রয়োজন হতে পারে, যা প্রাথমিক পর্যায়ে সুপ্রিম কোর্টের পক্ষে করা সম্ভব নয়।

শেষ পর্যন্ত বেঞ্চ আবেদনটির নথিপত্র এলাহাবাদ হাইকোর্টে পাঠানোর নির্দেশ দেন। হাইকোর্টের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘনের প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আদালত।

সাহারানপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কাছে অবস্থিত মসজিদটি সেপ্টেম্বরে গুঁড়িয়ে দেওয়া হয়। সরকারি জমিতে মসজিদটি নির্মাণ করা হয়েছে—প্রশাসনের এমন দাবিকে কেন্দ্র করে একাধিক আইনি প্রক্রিয়া চলার পর উচ্ছেদ অভিযান চালানো হয়।

টাইমস অব ইন্ডিয়া জানায়, প্রশাসনের দাবির বিরোধিতা করেছেন আইনজীবী হামজা মাসুদ। তিনি সাহারানপুরের কংগ্রেসদলীয় সংসদ সদস্য ইমরান মাসুদের ভাতিজা। জমিটির ব্যক্তিমালিকানা প্রমাণে তিনি ১৮৯৬ সালের ফারসি ভাষায় লেখা একটি বিক্রয় দলিল উপস্থাপন করেন।

হামজা মাসুদের দাবি, জমিটিতে ১৯১০ সালের দিকে মসজিদটি নির্মাণ করা হয়েছিল। তখন সেখানে একটি আমবাগান ছিল। বাগানের শ্রমিকরা নামাজ আদায়ের জন্য ছোট একটি স্থাপনা ব্যবহার করতেন, যা পরে মসজিদে রূপ নেয়।

ওড়িশায় গির্জায় হিন্দুত্ববাদীদের হামলা

ভারতের ওড়িশার কোরাপুট জেলার পেট্রাগুডা গ্রামে উগ্র হিন্দুত্ববাদীদের হামলায় গির্জার একাংশ ভাঙচুরের পরদিনই পুরো স্থাপনাটি গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। গত শনিবার গ্রামবাসীর একাংশ গির্জাটির ছাদ ও দেয়ালের অংশবিশেষ ভেঙে ফেলে। পরদিন পুলিশি পাহারায় ভারী যন্ত্রপাতি দিয়ে অবশিষ্ট অংশও গুঁড়িয়ে দেওয়া হয়।

‘পেন্টেকোস্টাল বিরশেবা চার্চ’ নামের উপাসনালয়টি পাঁচ বছর আগে নির্মাণ করা হয়েছিল বলে জানিয়েছেন জমিটির মালিকানা দাবি করা স্থানীয় খ্রিষ্টান বাসিন্দা দুর্জন হরিজন। তার অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে সাতজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দেওয়ার পরও প্রশাসন উল্টো গির্জাটি ভেঙে দিয়েছে।

তবে পুলিশের দাবি, অনুমতি ছাড়াই সরকারি জমিতে গির্জাটি নির্মাণ করা হয়েছিল। শিশুদের ধর্মান্তরের চেষ্টার অভিযোগও তুলেছিলেন গ্রামবাসীর একাংশ।

ঘটনার নিন্দা জানিয়ে খ্রিষ্টান নেতারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, নিরপেক্ষ তদন্ত এবং গির্জাটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, ওড়িশায় খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা ও ভয়ভীতি প্রদর্শনের অংশ হিসেবেই এ ঘটনা ঘটেছে।

ভারতে মসজিদে বুলডোজার, মামলা শুনতে অসম্মতি সুপ্রিম কোর্টের
শাহারানপুর কালেক্টরেটের কাছে অবস্থিত মসজিদটি শনিবার ভোরে ভেঙে ফেলা হয়েছে। মসজিদটি সরকারি জমিতে নির্মিত—প্রশাসনের এমন দাবির প্রেক্ষিতে দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়।