আমাজনের জঙ্গল থেকে বেরিয়ে খাবার চাইল আদিবাসীরা, বিস্মিত বিশ্ব

ব্রাজিলের আমাজন রেইনফরেস্টের দুর্গম এলাকায় বসবাসকারী বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বিরল কিছু ছবি প্রকাশিত হয়েছে। বলা হচ্ছে, তারা গহিন বন থেকে বেরিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে খাবার চেয়েছেন।

এ ঘটনায় কাঠুরে, শিকারি ও গবাদিপশুর খামারিদের অনুপ্রবেশে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে বলে সতর্ক করেছেন আদিবাসীদের অধিকারকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাজ্যভিত্তিক আদিবাসী অধিকার সংগঠন সারভাইভাল ইন্টারন্যাশনাল ছবিগুলো প্রকাশ করে। সংগঠনটির দাবি, আগের দিন ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় মারানহাও রাজ্যের একটি এলাকায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে প্রায় ২০ জন বিচ্ছিন্ন আওয়া আদিবাসীর সাক্ষাৎ হয়। এ সময় আদিবাসীরা খাবার চান।

সংগঠনটির ভাষ্য অনুযায়ী, বাইরের মানুষের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলা এবং তাদের সঙ্গে স্থায়ী সম্পর্ক না রাখাই বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বৈশিষ্ট্য। তবে তারা বাইরের পৃথিবীর অস্তিত্ব সম্পর্কে অবগত থাকতে পারে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, সাম্প্রতিক কয়েক দশকে আওয়া জনগোষ্ঠীর সঙ্গে এ ধরনের যোগাযোগের ঘটনা দেখা যায়নি। তাদের ধারণা, নিজেদের ভূখণ্ডে বহিরাগতদের অনুপ্রবেশের চাপের কারণেই আদিবাসীরা খাবার চাইতে বাধ্য হয়ে থাকতে পারেন।

এদিকে, ব্রাজিলের আদিবাসীবিষয়ক সরকারি সংস্থা ফুনাই জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও বিবরণ তারা পর্যালোচনা করছে। এতে মারানহাও রাজ্যের আরারিবোইয়া আদিবাসী ভূখণ্ডে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠীর মানুষের একটি গ্রামের সঙ্গে যোগাযোগের দৃশ্য দেখা গেছে।

ফুনাই আরও জানিয়েছে, এ ধরনের যোগাযোগের পরিস্থিতি মোকাবিলায় একটি জরুরি পরিকল্পনা সক্রিয় করা হয়েছে। আদিবাসীদের স্বাস্থ্যঝুঁকি কমানোই এর প্রধান লক্ষ্য। তবে সরকার ওই জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছে না এবং তাদের ক্ষেত্রে আগের মতোই ‘যোগাযোগ না করার নীতি’ অনুসরণ করছে।

ফুনাইয়ের তথ্য অনুযায়ী, আওয়া জনগোষ্ঠী উত্তর-পশ্চিম মারানহাও অঞ্চলের একটি তুপি-গুয়ারানি আদিবাসী সম্প্রদায়। তাদের একটি অংশ এখনো স্বেচ্ছায় বিচ্ছিন্ন জীবনযাপন করছে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, আমাজনের অবৈধ কাঠুরে ও গবাদিপশুর খামারিদের বিরুদ্ধে আন্দোলনকারী ‘গার্ডিয়ানস অব দ্য আমাজন’ নামের একটি আদিবাসী গোষ্ঠীর অনুরোধে ছবিগুলো প্রকাশ করা হয়েছে। তবে রয়টার্স ছবিগুলোর স্থান ও তারিখ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

সংগঠনটির পরিচালক ক্যারোলিন পিয়ার্স বলেন, বহিরাগতদের অনুপ্রবেশে বিচ্ছিন্ন আওয়া জনগোষ্ঠী চরম চাপের মুখে রয়েছে। চারদিক থেকে অনুপ্রবেশের কারণে তাদের বসবাসের বনাঞ্চল ক্রমেই সংকুচিত হয়ে আসছে।

সংগঠনটির হিসাবে, দক্ষিণ আমেরিকা, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১০টি দেশে ১৯৬টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠী রয়েছে। এর প্রায় ৯৫ শতাংশই আমাজন অঞ্চলে। শুধু ব্রাজিলেই রয়েছে ১২৪টি এমন জনগোষ্ঠী।

অন্যদিকে, মারানহাওয়ের আদিবাসী সংগঠন কোয়াপিমা সতর্ক করে বলেছে, পরিকল্পনাহীন যোগাযোগ বিচ্ছিন্ন জনগোষ্ঠীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। বিশেষ করে বাইরের মানুষের মাধ্যমে সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞ ও অধিকারকর্মীদের মতে, অবৈধ খনন, বন উজাড়, শিকার এবং কৃষিজমি সম্প্রসারণের কারণে আমাজনের বিচ্ছিন্ন আদিবাসীদের জীবনযাপন ও অস্তিত্ব ক্রমেই হুমকির মুখে পড়ছে।

সূত্র: রয়টার্স

আওয়া আদিবাসী গোষ্ঠীর কয়েক সদস্যকে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স
আওয়া আদিবাসী গোষ্ঠীর কয়েক সদস্যকে দেখা যাচ্ছে। ছবি: রয়টার্স