ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ১৫ লাখ টন কার্বন নিঃসরণ: পেজেশকিয়ান

ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় বায়ুমণ্ডলে প্রায় ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এসব হামলায় ব্যাপক পরিবেশগত ক্ষতি হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

বুধবার তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান এ তথ্য জানান।

তিনি বলেন, ইরানের দক্ষিণাঞ্চলীয় আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলার ফলে প্রায় পাঁচ লাখ টন কার্বন ডাই-অক্সাইড বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। অন্যদিকে, রাজধানী তেহরানের কাছাকাছি জ্বালানি তেলের সংরক্ষণাগারে হামলার কারণে আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ৭ মার্চ তেহরানে তেলের সংরক্ষণাগার এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা চালানো হয়।

গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক অভিযানের সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন পেজেশকিয়ান।

তিনি বলেন, গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে যখন বিশ্বজুড়ে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, তখন সামরিক অভিযান অবকাঠামো ধ্বংস করছে, বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি করছে এবং বায়ুমণ্ডলে বিপুল পরিমাণ দূষিত পদার্থ ছড়িয়ে দিচ্ছে।

ইরানি প্রেসিডেন্টের মতে, পরিবেশ সুরক্ষায় আন্তর্জাতিক অঙ্গীকারের সঙ্গে এ ধরনের সামরিক কর্মকাণ্ডের স্পষ্ট বৈপরীত্য রয়েছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক প্রচেষ্টার পাশাপাশি যুদ্ধের পরিবেশগত প্রভাব নিয়েও আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সূত্র: আনাদোলু এজেন্সি

মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত
মাসুদ পেজেশকিয়ান। ছবি: সংগৃহীত