লাইভ সম্প্রচারে প্রার্থনার সময় যিশুর ক্রুশ পড়ে প্রাণ গেল যাজকের

ইকুয়েডরে গির্জায় প্রার্থনার অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের সময় কাঠের বড় একটি ক্রুশ পড়ে এক যাজকের মৃত্যু হয়েছে। শনিবার দেশটির গুয়ায়াকিল শহরের নুয়েস্ত্রা সেনোরা দেল পেরপেতুয়ো সোকোরো গির্জায় এ ঘটনা ঘটে।

নিহত যাজকের নাম পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি। তিনি বেদিতে দাঁড়িয়ে প্রার্থনার সময় পবিত্র কমিউনিয়ন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় তার পেছনে থাকা বড় কাঠের ক্রুশটি হঠাৎ সামনে পড়ে তার ওপর আঘাত করে।

ঘটনার ভিডিওতে গির্জার ভেতরে উপস্থিত লোকজনের চিৎকার এবং তাকে বাঁচাতে ছুটে যাওয়ার দৃশ্য দেখা যায়। ভিডিওতে এক নারীকে অ্যাম্বুলেন্স ডাকার অনুরোধ করতেও শোনা যায়।

গুয়ায়াকিলের আর্চডায়োসিস সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে যাজকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি ওই গির্জার দায়িত্বপ্রাপ্ত যাজক ছিলেন।

ইকুয়েডরের সংবাদমাধ্যম প্রিমিসিয়াস জানিয়েছে, ঘটনার মাত্র এক দিন আগে যাজকের ধর্মযাজক হিসেবে অভিষেকের বার্ষিকী উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়েছিল আর্চডায়োসিস।

যাজক সানচেজ মোলিনারি রেডেম্পটরিস্ট নামে পরিচিত ধর্মীয় সংগঠনের সদস্য ছিলেন। এর আগে তিনি ইকুয়েডরের লস রিওস প্রদেশের ভিনসেস শহরের সান লরেঞ্জো গির্জায় কয়েক বছর দায়িত্ব পালন করেন।

ক্রুশটি কী কারণে পড়ে গিয়েছিল, তা এখনো স্পষ্ট নয়। গির্জা কর্তৃপক্ষও এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।

সূত্র: ফক্স নিউজ

ক্রুশ পড়ে নিহত হন ক্যাথলিক যাজক পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি। ছবি: পাত্রিসিও সানচেজের ফেসবুক
ক্রুশ পড়ে নিহত হন ক্যাথলিক যাজক পাত্রিসিও আলফ্রেদো সানচেজ মোলিনারি। ছবি: পাত্রিসিও সানচেজের ফেসবুক