যুক্তরাজ্যে সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করছে ইরান, সতর্ক করল এমআই৫

যুক্তরাজ্যে সামরিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলার চেষ্টা বাড়াচ্ছে ইরান, এমন সতর্কবার্তা দিয়েছেন ব্রিটেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম। তার মতে, চলতি বছর ব্রিটেনে ইরানের লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।

মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম সোমবার বলেছেন, গত মাসে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটিকে কেন্দ্র করে সন্দেহভাজন একটি হামলার পরিকল্পনার পেছনে তেহরানের জড়িত থাকার বিষয়টি ‘প্রায় নিশ্চিত’।

ফেয়ারফোর্ড ঘাঁটিটি ইরানে হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ব্যবহার করেছিল।

ব্রিটেনের নিরাপত্তার জন্য বিদ্যমান বিভিন্ন হুমকি নিয়ে বার্ষিক বক্তব্যে এমআই৫-এর মহাপরিচালক কেন ম্যাককালাম বলেন, চলমান তদন্তের কারণে ফেয়ারফোর্ডের ঘটনাটি নিয়ে তিনি বিস্তারিত মন্তব্য করতে পারবেন না। তবে এ বছর ইরানের লক্ষ্যবস্তু নির্বাচনের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ঘটেছে।

তিনি বলেন, ‘সামরিক স্থাপনার মতো কঠিন লক্ষ্যবস্তুতে হামলার দিকে ইরানের আগ্রহ বাড়ার ক্ষেত্রে এ বছর উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে।’

ফেয়ারফোর্ডের ঘটনাটি বিচ্ছিন্ন নয় উল্লেখ করে ম্যাককালাম বলেন, শুধু যুক্তরাজ্যেই নয়, বিশ্বের অন্যান্য স্থানেও এ ধরনের ঘটনার নজির রয়েছে।

তবে ফেয়ারফোর্ড ঘাঁটির ঘটনাটি নিয়ে তদন্ত চলমান থাকায় এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

এমআই৫ প্রধানের এই সতর্কবার্তা এমন এক সময়ে এল, যখন ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন পক্ষের মধ্যে উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করছে। ব্রিটিশ কর্তৃপক্ষের বক্তব্য অনুযায়ী, সামরিক স্থাপনাসহ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোর নিরাপত্তা এখন বাড়তি গুরুত্ব পাচ্ছে।

সূত্র: আল জাজিরা

এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম। ছবি: রয়টার্স
এমআই৫-এর প্রধান কেন ম্যাককালাম। ছবি: রয়টার্স