মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান শনাক্তের শঙ্কায় যুক্তরাষ্ট্রের নতুন সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করে হামলার আশঙ্কার মধ্যে সামরিক বাহিনীর বিভিন্ন ফোন ও কম্পিউটারে বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৪ সেপ্টেম্বর) মার্কিন সিনেটর রন ওয়াইডেনের প্রকাশ করা চিঠি ও রয়টার্সকে দেওয়া সামরিক কর্মকর্তাদের বক্তব্যে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন শিল্পের সংগৃহীত এবং ডেটা ব্রোকারদের কাছে বিক্রি করা অবস্থান সংক্রান্ত তথ্য সামরিক সদস্যদের গতিবিধি শনাক্ত ও তাদের লক্ষ্যবস্তু বানাতে ব্যবহৃত হতে পারে এমন উদ্বেগের মধ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী সিনেটর ওয়াইডেনকে জানিয়েছে, প্রায় দুই মাস আগে সামরিক বাহিনীর কম্পিউটার ও মোবাইল ফোনে থাকা বিজ্ঞাপন ট্র্যাকার বন্ধ করা হয়েছে।

ইউএস স্পেশাল অপারেশনস কমান্ড পৃথক এক চিঠিতে জানিয়েছে, তাদের উইন্ডোজ ডিভাইসগুলোতেও সম্প্রতি এসব ট্র্যাকার নিষ্ক্রিয় করা হয়েছে। সেনাবাহিনী রয়টার্সকে জানিয়েছে, মোবাইল ডিভাইসের সঙ্গে যুক্ত বিজ্ঞাপন ট্র্যাকার চলতি বছরের শুরুর দিক থেকেই বন্ধ রয়েছে।

তবে সেনাবাহিনী জানায়, উইন্ডোজ কম্পিউটারে বিজ্ঞাপন ট্র্যাকার ২০২১ সালেরও আগে থেকে বন্ধ ছিল। অন্যদিকে অ্যান্ড্রয়েড ও অ্যাপলের মোবাইল ডিভাইসে অন্তত ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এটি স্বয়ংক্রিয়ভাবে নিষ্ক্রিয় রাখা হয়েছে।

নৌবাহিনীও সামরিক ডিভাইসে এসব ট্র্যাকার বন্ধ করার কথা জানিয়েছে। তবে কবে থেকে তা করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

মোবাইল বিজ্ঞাপন ট্র্যাকার বা ‘মোবাইল অ্যাডভার্টাইজিং আইডি’ (এমএআইডি) হলো নির্দিষ্ট ডিভাইসের সঙ্গে যুক্ত একটি অনন্য পরিচয়। বিভিন্ন অ্যাপে ব্যবহারকারীর কার্যক্রম অনুসরণ এবং তার অবস্থান শনাক্ত করতে এগুলো ব্যবহার করা যায়।

ডেটা ব্রোকাররা বিজ্ঞাপন শিল্প থেকে সংগৃহীত এসব তথ্য সংগ্রহ করে আবার বিভিন্ন ক্রেতার কাছে বিক্রি করে। ফলে যুদ্ধক্ষেত্রে মোতায়েন সেনাদের অবস্থানসংক্রান্ত তথ্যও বাণিজ্যিকভাবে কেনা সম্ভব হতে পারে বলে আশঙ্কা করছেন মার্কিন কর্মকর্তারা।

সিনেটর ওয়াইডেন ও নর্থ ক্যারোলাইনার রিপাবলিকান প্রতিনিধি প্যাট হ্যারিগান শুক্রবার পেন্টাগনের কাছে এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন।

ওয়াইডেন বলেন, সামরিক বাহিনীর নেওয়া পদক্ষেপগুলো যে এই হুমকি পুরোপুরি নিষ্ক্রিয় করতে কার্যকর হয়নি, তা স্পষ্ট। হ্যারিগান বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুদের এমন সুযোগ থাকা উচিত নয় যে তারা ‘ক্রেডিট কার্ড দিয়ে তথ্য কিনে’ মার্কিন সেনাদের অবস্থান শনাক্ত করতে পারবে।

পেন্টাগন জানিয়েছে, আইনপ্রণেতাদের চিঠির জবাব সরাসরি দেওয়া হবে।

স্মার্টফোন থেকে তৈরি হওয়া অবস্থানসংক্রান্ত তথ্য কমানোর উদ্যোগ এমন সময় নেওয়া হলো, যখন যুদ্ধক্ষেত্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর আরও কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে মার্কিন সামরিক বাহিনী।

জুলাইয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছিল, মধ্যপ্রাচ্যে মোতায়েন কিছু মার্কিন সেনাকে তাদের মোবাইল ফোন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হতে পারে। কারণ, সেনাদের ইন্টারনেটে প্রকাশ করা মোবাইল ভিডিও থেকে ইরান ওই অঞ্চলে মার্কিন ঘাঁটির অবস্থান শনাক্ত করতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

গোপনীয়তা ও বিজ্ঞাপন প্রযুক্তি প্রতিষ্ঠান ডিক্রিপ্টঅ্যাডসের সহপ্রতিষ্ঠাতা জ্যাক এডওয়ার্ডস বলেন, সামরিক বাহিনীর পরিচালিত ডিভাইসে এমএআইডি বন্ধ করা অবশ্যই ইতিবাচক পদক্ষেপ।

তবে তিনি সতর্ক করে বলেন, এর পরও অন্যান্য অ্যাপ বা প্রযুক্তিগত তথ্য ব্যবহার করে সেনাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হতে পারে। নেটওয়ার্ক তথ্যের সঙ্গে ডিভাইসের কারিগরি তথ্য বা অবস্থানসংক্রান্ত অন্যান্য তথ্য মিলিয়েও এ ধরনের নজরদারি চালানো যেতে পারে।

সূত্র : রয়টার্স

মার্কিন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স
মার্কিন সেনাবাহিনীর সদস্যরা। ছবি: রয়টার্স