স্বামীকে ফিরে পাওয়া কি অপরাধ? by এ কে এম জাকারিয়া

শুরুতে যা অপহরণ, পরে অনেক ক্ষেত্রেই তা এখন ‘গুম’। কেউ অপহরণ হয়েছেন শুনলেই এখন আতঙ্ক চেপে বসে; শেষ পর্যন্ত গুম হয়ে যাবেন না তো? আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, ২০১০ থেকে ২০১৪ সালের মার্চ পর্যন্ত অপহূত হয়েছেন ২৬৮ জন। এঁদের মধ্যে ফিরে আসার সংখ্যা সবচেয়ে কম, মাত্র ২৪ জন। লাশ উদ্ধার হয়েছে ৪৩ জনের আর এখনো নিখোঁজ আছেন ১৮৭ জন। যাঁরা ফিরে এসেছেন, তাঁরা ও তাঁদের পরিবারের লোকজন সৌভাগ্যবান। দুর্ভাগা পরিবারগুলো ফেরত পেয়েছে লাশ। আর যাঁরা এখনো নিখোঁজ তাঁদের পরিবারগুলোর অবস্থা? তাঁরা কি আশা ছেড়ে দিয়েছেন? নাকি এখনো অসময়ে দরজায় টোকা পড়লে চমকে ওঠেন, অপরিচিত নম্বরের ফোন রিসিভ করেন কোনো অবাস্তব ও অসম্ভব আশা নিয়ে! সবচেয়ে হতভাগা এঁরাই।