দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’ -নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা

নিকারাগুয়ার দীর্ঘদিনের প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা ঘোষণা দিয়েছেন, দেশটিতে আর কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে না। তার এ ঘোষণার ফলে ক্ষমতা পরিবর্তনের সাংবিধানিক পথ কার্যত বন্ধ হয়ে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

রোববার (১৯ জুলাই) সান্দিনিস্তা বিপ্লবের বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে ওর্তেগা বলেন, বিরোধীদের আর নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ দেওয়া হবে না। তবে কীভাবে নির্বাচন ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হবে, সে বিষয়ে তিনি কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি।

৮০ বছর বয়সী ওর্তেগা বলেন, ‘সরকার দখল বা ক্ষমতা দখলের জন্য এখানে আর কোনো নির্বাচন হবে না।’

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র-সমর্থিত দল এবং সোমোসা-সমর্থকদের আবার ক্ষমতায় ফেরার দিন শেষ। আর কখনো নয়।’

উল্লেখ্য, ওর্তেগা ২০০৭ সাল থেকে টানা ক্ষমতায় রয়েছেন। এর আগে ১৯৮০-এর দশকেও তিনি দেশটির প্রেসিডেন্ট ছিলেন। বর্তমানে তিনি স্ত্রী রোসারিও মুরিলোর সঙ্গে যৌথভাবে রাষ্ট্র পরিচালনা করছেন।

২০২১ সালের সর্বশেষ জাতীয় নির্বাচন আন্তর্জাতিকভাবে ব্যাপক বিতর্কের জন্ম দেয়। ওই নির্বাচনের আগে ওর্তেগা সরকারের বিরুদ্ধে বিরোধী নেতা, সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী ও ব্যবসায়ীদের গ্রেপ্তার এবং ভিন্নমত দমন করার অভিযোগ ওঠে।

গত বছর সংবিধান সংশোধনীতে তার স্ত্রী রোসারিও মুরিলোকে ‘সহ-রাষ্ট্রপতি’ করা হয় এবং প্রেসিডেন্টের মেয়াদ ছয় বছরে উন্নীত করা হয়। বর্তমানে দম্পতিটি সরকার, সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগসহ রাষ্ট্রের প্রায় সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে। 

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। ছবি: সংগৃহীত
নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। ছবি: সংগৃহীত