পাকিস্তান ও চার আরব দেশকে অস্ত্র দিয়েছে ইসরায়েল!

ইসরায়েল গত পাঁচ বছরে পাকিস্তান ও চারটি আরব দেশকে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে। ব্রিটিশ সরকারের এক প্রতিবেদনকে উদ্ধৃত করে ইসরায়েলের হারেৎজ পত্রিকার এক খবরে এ তথ্য প্রকাশ করা হয়। পত্রিকাটির খবরে বলা হয়, পাকিস্তান ছাড়াও মিসর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোতে অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে ইসরায়েল। যুক্তরাজ্য সরকারের বাণিজ্য, উদ্ভাবন ও দক্ষতাবিষয়ক দপ্তর ওই প্রতিবেদন তৈরি করে। এই দপ্তর সরকারের অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম রপ্তানির বিষয়টি নজরদারি করে থাকে। হারেৎজ-এর খবরে বলা হয়, ২০০৮ সালের জানুয়ারি থেকে ২০১২ সালের ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহার ও তৃতীয় কোনো দেশে রপ্তানির জন্য যুক্তরাজ্যের কাছে কয়েক শ আবেদন করে ইসরায়েল। যুক্তরাজ্য এগুলো অনুমোদন করে। আবেদনের কারণ, ওই অস্ত্রগুলোতে ব্রিটিশ যন্ত্রাংশ ছিল।  তবে পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক মুখপাত্র এ খবর ‘বিভ্রান্তিকর ও ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন। রাজনৈতিক কারণে কোনো আরব বা মুসলিম দেশের জন্য ইসরায়েলের কাছ থেকে অস্ত্র সরঞ্জাম কেনা বা সামরিক সম্পর্ক থাকার বিষয়টি খুব স্পর্শকাতর বলেই বিবেচিত হয়। ডন অনলাইন।