ইরান ইস্যুতে যে প্রশ্নের উত্তর খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে সমঝোতা করবেন, নাকি দেশটিকে পুরোপুরি সামরিকভাবে ধ্বংস করার পথে হাঁটবেন। এমন দুই বিকল্পের কথা তুলে ধরে নিজের পরবর্তী পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান ইস্যুতে এখন তার সামনে মূল প্রশ্ন একটাই; চুক্তি করবেন, নাকি ইরানকে শেষ করে দেবেন। খবর আনাদোলু এজেন্সির।

ট্রাম্প বলেন, ‘আমি কি তাদের সঙ্গে সমঝোতা করব, নাকি তাদের শেষ করে দেব? এটাই একমাত্র প্রশ্ন।’

বিশ্বের জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে বলেও দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘এখন হরমুজ প্রণালি আমাদের নিয়ন্ত্রণে। তারা কিছুই পাচ্ছে না, আমরা সবকিছু পাচ্ছি।’

ফেব্রুয়ারির শেষ দিকে যুদ্ধ শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ এই নৌপথে চলাচল বাধাগ্রস্ত করার চেষ্টা করছে ইরান। ট্রাম্পের দাবি, যুদ্ধের আগের সময়ের তুলনায় এখন হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক কার্যক্রম বেড়েছে। ইরানের বন্দর ও জাহাজ চলাচলে অবরোধ কার্যকরে মার্কিন নৌবাহিনীর ভূমিকারও প্রশংসা করেন তিনি।

ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ সম্পর্কেও যুক্তরাষ্ট্রের কাছে সুনির্দিষ্ট তথ্য রয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। এখনো হামলার শিকার না হওয়া এই স্থাপনায় কী ঘটছে, তা ওয়াশিংটন জানে উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা ঠিক জানি, সেখানে কী হচ্ছে। কার শার্টের ব্যাজে কী লেখা আছে, সেটিও আমরা পড়তে পারি।’

এর আগে শনিবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালাতে পারে অথবা একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছাতে পারে। সম্ভাব্য সমঝোতার শর্তগুলো তেহরান মেনে চলবে কি না, তা নিয়ে প্রশ্ন তুললেও তিনি দাবি করেন, যেকোনো পরিস্থিতিতেই যুক্তরাষ্ট্র জয়ী হবে।

ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে ইরান যুদ্ধ শুরু হয়। পরে যুদ্ধবিরতি এবং চূড়ান্ত শান্তিচুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ এখনো সংঘাতের অন্যতম প্রধান ইস্যু হয়ে রয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স