কাবুলে গাড়িবোমায় নিহত ২৮

আফগানিস্তানের রাজধানী কাবুলে আজ মঙ্গলবার আত্মঘাতী
গাড়ি বোমা হামলা করে সন্ত্রাসীরা। হামলার পর
ঘটনাস্থলে অবস্থান নেয় নিরাপত্তারক্ষীরা
আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে আজ মঙ্গলবার গাড়িবোমা হামলায় অন্তত ২৮ জন নিহত ও কয়েক শ মানুষ আহত হয়েছে। এ হামলার দায় স্বীকার করেছে তালেবান।  কাবুলের পুলিশপ্রধান আবদুল রহমান সাংবাদিকদের বলেন, সরকারি একটি ভবনের পাশে গাড়ি পার্কিংয়ের জায়গায় আত্মঘাতী এক হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণ ঘটায়। ওই হামলায় অন্তত ২৮ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই সাধারণ মানুষ। ওই হামলার মুহূর্তে আত্মঘাতী হামলাকারীর একজন সহযোগী নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ করছিল। একপর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে ওই সহযোগী নিহত হয়। হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।