শুটিং শুরুর আগেই তিন চলচ্চিত্রে মিষ্টি

মডেলিং, উপস্থাপনার পর চলচ্চিত্রে নাম লেখাতে না লেখাতেই রীতিমতো চিত্রনায়িকা বনে যাচ্ছেন মিষ্টি জান্নাত।
শুধু তাই নয়, ছবির শুটিং শুরুর আগেই তিন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চলচ্চিত্রের নতুন এই মুখ। গত সপ্তাহে ওয়াজেদ আলী সুমনের ‘পাত্রী চাই’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে চলচ্চিত্রে সম্পৃক্ত ঘটে মিষ্টির। এ ছবিতে বাপ্পির বিপরীতে অভিনয় করবেন তিনি।  কিন্তু এ ছবির শুটিং শুরু না হতেই গত ৩১শে অক্টোবর মিষ্টি চুক্তিবদ্ধ হয়েছেন  ‘লাভ এক্সপ্রেস’ নামের আরও একটি ছবিতে। শাহাদাত হোসেন লিটন পরিচালিত এ ছবিতেও বাপ্পি চৌধুরীর সঙ্গে জুটিবদ্ধ হয়ে  কাজ করবেন তিনি। ছবির গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং প্রযোজনা করছেন মোশাররফ হোসেন। আর ছবির সার্বিক তত্ত্বাবধানে থাকবে জাজ মাল্টিমিডিয়া। ‘লাভ এক্সপ্রেস’ ছবিতে একজন বড়লোকের মেয়ের চরিত্রে অভিনয় করবেন বলে জানিয়েছেন  মিষ্টি। তিনি বলেন, এ ছবির শুটিং শুরু হবে   চলতি মাসের ১৬ তারিখ থেকে। মিষ্টির কাছ থেকে জানা যায়, এ দুই ছবি ছাড়াও জাজ মাল্টিমিডিয়ার ‘ব্লাঙ্ক চেক’ নামের নতুন একটি ছবিতে তার কাজ করার বিষয়টি চূড়ান্ত হয়েছে। সবক’টি ছবিতেই মূল নায়িকার চরিত্রে অভিনয় করবেন তিনি।