রুহি থাইল্যান্ডে

গতকাল ভোরে থাইল্যান্ডের উদ্দেশে উড়াল দিলেন র‌্যাম্প তারকা রুহি। না, র‌্যাম্প কিংবা কোন নাটকের শুটিংয়ে নয়। গিয়েছেন ইসমাত আরা শান্তি পরিচালিত ‘মায়ানগর’ ছবির শুটিং করতে। থাইল্যান্ডে উড়াল দেয়ার আগে রুহি বলেন, এর আগেও একবার এ ছবির কাজে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল।
যাওয়া হয়নি। এবার ছবির গান ও গল্পের বিভিন্ন দৃশ্যের কাজে যাচ্ছি। মূলত থাইল্যান্ডের মনোরম লোকেশনে গানের চিত্রায়ণের ওপরই আমরা বেশি জোর দেবো। রুহি আরও বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম রমা। এখানে আমাকে একজন শহরের টপ মডেল ও মডেল ট্রেইনার হিসেবে অভিনয় করতে দেখা যাবে। ছবির কাজ শেষ করে ২৪শে ডিসেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, এ ছবিতে রুহি অভিনয় করছেন চিত্রনায়িকা নিপুণের মডেল ট্রেইনার হিসেবে। আর নায়ক হিসেবে এ দুই নায়িকার বিপরীতে অভিনয় করছেন রোজ ও তানভীর তনু। জানা গেছে, ‘মায়ানগর’র বেশির ভাগ শুটিং এরই মধ্যে সম্পন্ন হয়েছে। থাইল্যান্ডে গান আর বিশেষ কিছু দৃশ্যের শুটিংয়ের মধ্য দিয়ে পুরো শুটিং শেষ করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন রুহি।