‘আমি আমার অতীত ভুলে যেতে চাই...’

সানির বড্ড মন খারাপ। যে শহরের কথা এত শুনেছে সেই কলকাতা শহরে মাত্র আট ঘণ্টার জন্য আসা। এয়ারপোর্ট থেকে সোজা হোটেল। শুধু গাড়ির জানলা দিয়ে বাইরে চোখ রাখা।

তাতেই সানি নাকি বুঝে গিয়েছেন কলকাতা কত সুন্দর শহর। তার পর যখন সুযোগ পেয়ে টুপ করে দুটো রসগোল্লা মুখে ফেলেছেন, তখন তো কলকাতা তার কাছে ওয়ান অফ দ্য বেস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড হতেই হবে...

প্রশ্ন: তা সানি রসগোল্লা কেমন খেলেন?
সানি লিওন: ও ইটস গ্রেট। ইটস ডিলিসিয়াস।

প্রশ্ন : এই প্রথম খেলেন?
সানি লিওন: কলকাতায় বসে প্রথম।

প্রশ্ন: আগে কোথায় খেয়েছিলেন? মুম্বাই না বিদেশে?
সানি লিওন: মুম্বাইতে।

প্রশ্ন: জিসম ২-এর শ্যুটিংয়ের সময়?
সানি লিওন: হ্যাঁ। আমরা শ্যুটের সময় প্রচুর খাওয়া-দাওয়া করতাম। একদিন রসগোল্লাও খাই।

প্রশ্ন: নায়িকা হয়ে মিষ্টি খাচ্ছেন। ফিগার নষ্ট হয়ে যাবে না?
সানি লিওন: দূর, আমি এত ফিগার নিয়ে ভাবি না। যখন যা ইচ্ছে করে, করে ফেলি।

প্রশ্ন: বলছেন কি? সানি লিয়ন ফিগার নিয়ে ভাবে না...!
সানি লিওন: অবাক হওয়ার কিছু নেই। আমি জানি এরকম অবাক হচ্ছেন, কারণ আমি এমন এক ইন্ডাস্ট্রি থেকে এসেছি যেখানে ফিগারটাই সব।

প্রশ্ন: তাহলে বলছেন মুম্বাই ইন্ডাস্ট্রি আপনার ফিগার নিয়ে মাথা ঘামাবে না?
সানি লিওন: আমার মনে হয়, জিসম ২ ছবির জন্য এত কথা উঠছে। এটা তো আমার প্রথম ছবি। তাই এরকম ধরনের প্রশ্ন। আর একটু কাজ করতে দিন। আমি অভিনেতা হিসেবে পরিচিতি পেতে চাই।

প্রশ্ন: সমালোচকরা বলছেন আপনি নাকি অভিনয় পারেন না...
সানি লিওন: জানি। শিখছি তো। হিন্দি শিখছি। নাচ শিখছি। অভিনয় শিখছি। একটু সময় দিন। শিখে যাবো।

প্রশ্ন: তার মানে পাকাপাকিভাবে অভিনয়ে চলে আসছেন। পর্ন ছবি আর করবেন না?
সানি লিওন: না। আমি আমার পাস্ট ভুলে যেতে চাই।

প্রশ্ন: বর ড্যানিয়েল কী বলছেন?
সানি লিওন: ও খুব সাপোর্টিভ। জিসম ২ খুব ভালো লেগেছে ড্যানির। আমাকে অভিনয় চালিয়ে যেতে বলেছে।

প্রশ্ন: হিন্দি সিনেমা আগে দেখেছেন?
সানি লিওন: ছোটবেলাতে খুব দেখতাম। আমার মনে আছে, টিভিতে যখন হিন্দি গান হতো, তখন আমি মাথায় ওড়না জড়িয়ে নাচতাম।

প্রশ্ন: কোন গান মনে আছে?
সানি লিওন: গানটা মনে নেই। এইটুকু বলতে পারি অমিতাভ বচ্চন ছিলেন। পান খেয়ে নেচে ছিলেন তিনি।

প্রশ্ন: কোন হিরোকে পছন্দ বলিউডের?
সানি লিওন: আমির খান। আমি আমিরের সাথে কাজ করতে চাই।

প্রশ্ন: আমিরের কোন ছবি দেখেছেন?
সানি লিওন: ‘লগান’ দেখেছি।

প্রশ্ন: একতা কাপুর তো আপনাকে একটা ছবির জন্য সাইন করিয়েছেন। কী ছবি?
সানি লিওন: এখনো সেরকম কিছু জানি না। শুধু সাইন করেছি। আর কিছু এখনও ঠিক জানি না।

প্রশ্ন: তা বলিউডে কী রকম নায়িকা হতে চান? মশালা ছবির নাকি আর্ট ফিল্ম?
সানি লিওন: ছবির এত ভাগ রয়েছে- এইসব আমি জানি না। আমি অভিনেতা হতে চাই।

প্রশ্ন: কলকাতায় তো প্রথম এসেছেন। রসগোল্লা ছাড়া কলকাতা সম্পর্কে আর কী জানেন?
সানি লিওন: ভিক্টোরিয়া মেমোরিয়াল আর সত্যজিৎ রায়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা।