নিজের দুটি চরণ ঢাকো, তবে... by আলী ইমাম মজুমদার

পাঠক বুঝতে পারছেন রবীন্দ্রনাথ থেকে নেওয়া এ শিরোনাম। শিরোনামের ব্যাখ্যায় পরে আসা যাবে। আগে মূল বিষয়বস্তু আলোচনায় আসুক। তা হচ্ছে সম্প্রতি পাঁচ পর্বে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন। ভোট নেওয়া শেষ হলে বেতার-টিভি আর সংবাদপত্রের অনেক প্রতিবেদন আমরা দেখলাম। কিছু আবার সচিত্র। বিভিন্ন সংবাদপত্রের শিরোনামগুলোই নির্বাচন পর্বটির গুণগত দিক তুলে ধরেছে। নির্বাচন কমিশনের প্রতি সবচেয়ে সদয় শিরোনাম দেখা গেল, ‘শেষটাও ভালো হলো না’। এ ছাড়া রয়েছে ‘রাতেই কেন্দ্র দখল করে ভোট’, ‘ভোটার তাড়াল পুলিশ’, ‘শুরুর আগেই ভোট শেষ’, ‘শান্তিপূর্ণ ভোট ডাকাতি’, ‘ভোট ডাকাতি ও সহিংসতা: মূল দায় ইসির নেপথ্যে সরকার’, ‘রাতেই কেন্দ্র দখল করে সিল: কারচুপিতে কর্মকর্তাও’ ইত্যাদি। ভোটের সমাপনী পর্বের পর প্রধান নির্বাচন কমিশনারের অনুপস্থিতিতে তাঁর দায়িত্ব পালনকারী নির্বাচন কমিশনার ‘সার্বিকভাবে ভালো ভোট হয়েছে’ বলে দাবি করেন। এ মূল্যায়নটির যৌক্তিকতা তিনিই জানেন।