আরেফিন শুভ ও মাহিয়া মাহির ‘ওয়ার্নিং’

সময়ের সেরা দুই তারকা আরেফিন শুভ ও মাহিয়া মাহিকে নিয়ে সফল পরিচালক সাফিউদ্দিন সাফি এবার নির্মাণ করছেন ‘ওয়ার্নিং’। আগামী ৩রা আগস্ট থেকে শুরু হবে এ ছবির শুটিং। ইতিমধ্যে শওকত আলী ইমনের ভ্যালুসিটি স্টুডিওতে গান মহরতের মাধ্যমে ছবির কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন পরিচালক। গান মহরতে সংগীত পরিচালক শওকত আলী ইমন কনা ও রূপমকে দিয়ে একটি রোমান্টিক গান রেকর্ড করেন। গানের গীতিকার ছিলেন কবির বকুল। পেনল ফিল্মসের প্রযোজনায় নির্মাণাধীন ‘ওয়ার্নিং’ ছবিতে শুভ ও মাহির সঙ্গে থাকছেন মিশা সওদাগরসহ অনেকেই। শুভ-মাহি জুটির প্রথম ছবি ‘অগ্নি’র ব্যাপক সাফল্যের পর এ জুটিকে নিয়ে নির্মাতাদের আশাবাদ অনেক বেড়ে গেছে। ‘ওয়ার্নিং’ ছবিটি দর্শকদের পছন্দকে গুরুত্ব দিয়েই নির্মাণ হবে বলে পরিচালক সাফিউদ্দিন সাফি জানিয়েছেন। পরিচালক সাফি এখন ব্যস্ত ‘হানিমুন’ ছবির শেষ পর্যায়ের কাজ নিয়ে। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত বাপ্পি-মাহি জুটির এ ছবিটি আসন্ন ঈদে মুক্তি পাওয়ার প্রস্তুতি নিচ্ছে।