খবর- এক দশক পর ছেলের সঙ্গে দেখা হলো সু চির

অবশেষে ১০ বছর পর মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সঙ্গে তাঁর ছোট ছেলে কিম অ্যারিসের সঙ্গে দেখা হলো। গতকাল মঙ্গলবার ইয়াঙ্গুন বিমানবন্দরে মা-ছেলের দেখা হয়। বিমানবন্দরে অ্যারিসকে স্বাগত জানাতে সু চির সঙ্গে তাঁর আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন। এ সময় আবেগতাড়িত কণ্ঠে সু চি বলেন, ‘আমি খুবই আনন্দিত। আমি খুবই খুশি।’ ছেলে কিম অ্যারিস গায়ের জামা খুলে তাঁর বাহুতে আঁকা ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) প্রতীক দেখান। মায়ের বাহু জড়িয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, দেশে প্রায় দুই সপ্তাহ তিনি অবস্থান করবেন। এরপর মা-ছেলে ইয়াঙ্গুনের বাড়িতে যান। ওই বাড়িতেই বছরের পর বছর গৃহবন্দী ছিলেন সু চি।