উন্নয়ন অন্বেষণের রিপোর্ট : দেশে কাঙ্ক্ষিত দারিদ্র্য দূর হচ্ছে না

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ২০১৩ সালের মধ্যে দারিদ্র্যের হার মোট জনসংখ্যার ২৫ ভাগ এবং ২০২১ সালের মধ্যে ১৫ ভাগে নামিয়ে আনার অঙ্গীকার করেছে। ১৯৯১-৯২ সাল থেকে ২০১০ পর্যন্ত দারিদ্র্য হ্রাসের বার্ষিক গড় হার ১ দশমিক ৩২ ভাগ। দারিদ্র্য হ্রাসের এ হার অব্যাহত থাকলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকার ইশতেহারে ঘোষিত লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে না। ২০১৩ এবং ২০২১ সালের মধ্যে দেশের দারিদ্র্য হার দাঁড়াতে পারে যথাক্রমে শতকরা ২৭ দশমিক ৫ ও ১৭ ভাগ। যা লক্ষ্যমাত্রার চেয়ে যথাক্রমে আড়াই ভাগ এবং ২ ভাগ বেশি। গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণের এক গবেষণায় এসব বলা হয়েছে।