আইভী বিজয়ী-বিপুল ভোটের ব্যবধানে নারায়ণগঞ্জ সিটির প্রথম মেয়র by অমিতোষ পাল ও পার্থ প্রতীম ভট্টাচার্য্য,

সব জল্পনা-কল্পনা আর হিসাব-নিকাশের অবসান ঘটিয়ে নবগঠিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হলেন ডা. সেলিনা হায়াত আইভী। ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এ কে এম শামীম ওসমানকে তিনি হারিয়ে দিয়েছেন এক লাখের অধিক ভোটের ব্যবধানে। এই বিশাল বিজয়ের মধ্য দিয়ে তিনি ইতিহাস গড়লেন দেশের কোনো সিটি করপোরেশনে প্রথম নির্বাচিত নারী মেয়র হওয়ার।নারায়ণগঞ্জের চাষাঢ়ায় জিয়া হল মিলনায়তনে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে গত রাতে মোট ১৬৩ কেন্দ্রের সবকটির ফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এর মধ্যে আইভী পেয়েছেন এক লাখ ৮০ হাজার ৪৮ ভোট।