ভারতে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, উপস্থিত ছিলেন ৫ সন্তান

ভারতের উত্তর প্রদেশে ব্যতিক্রমী এক ঘটনা ঘটেছে। প্রদেশটির সন্ত কবির নগর জেলায় পাঁচ সন্তানের জননী স্ত্রীকে তার প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন স্বামী। স্থানীয় একটি শিবমন্দিরে এই বিয়ের আয়োজন করেন তিনি নিজেই। খবর এনডিটিভির।

স্থানীয় পরিবার ও গ্রামপ্রধানের বরাতে জানা গেছে, দেবরি গ্রামের ৪৫ বছর বয়সী বুদ্ধিরাম নিশাদ ও ৩৭ বছর বয়সী ফুলমতীর বিয়ে হয়েছিল প্রায় ২১ বছর আগে। তাদের সংসারে পাঁচ সন্তান রয়েছে। সন্তানদের মধ্যে একজনের বয়স ১৮ বছর।

কয়েক মাস আগে ফুলমতীর সঙ্গে ২৬ বছর বয়সী আওধেশের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। প্রায় দুই মাস আগে ফুলমতি আওধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেলেও পরে পরিবারের সদস্যদের অনুরোধে ফিরে আসেন। তবে এরপরও সংসারে অশান্তি অব্যাহত ছিল।

পরিস্থিতি বিবেচনা করে শেষ পর্যন্ত স্ত্রীকে তার পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বুদ্ধিরাম।

মঙ্গলবার (৪ আগস্ট) আসরফপুর গ্রামের একটি শিবমন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সেখানে স্থানীয় গ্রামবাসীরাও উপস্থিত ছিলেন। বুদ্ধিরাম নিজেও বিয়ের অনুষ্ঠানে অংশ নেন এবং প্রচলিত রীতিতে স্ত্রীর বিদায়ের সময় উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের বুদ্ধিরাম বলেন, ২১ বছর আগে তিনি ফুলমতীকে বিয়ে করেছিলেন। কিন্তু এখন ফুলমতী আর তার সঙ্গে থাকতে চান না।

তিনি বলেন, প্রতিদিনের দাম্পত্য কলহের মধ্যে তিনি আর থাকতে চান না। তাই স্ত্রী যার সঙ্গে থাকতে চান, তার সঙ্গেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে, পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে এখন পর্যন্ত তাদের কাছে কোনো অভিযোগ জমা পড়েনি।

সূত্র: এনডিটিভি 

প্রতীকী ছবি
প্রতীকী ছবি