গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপে টিনের কৌটায় প্রাণ পেল মানবিকতার গল্প

যুদ্ধবিধ্বস্ত ধ্বংসস্তূপে নিমজ্জিত গাজায় যেখানে নিজেদেরই থাকার কোন আশ্রয় নেই, সেখানে প্রাণীদের জন্য আশ্রয়ের কথা চিন্তাটা অনেকটা অলীক কল্পনা। তবে এই ধ্বংসস্তূপের মাঝেই এটি বাস্তবায়ন করেছেন গাজার এক মানবিক হৃদয়ের সৃজনশীল ব্যক্তি। ঘরবাড়িতে ব্যবহারের পর ফেলে দেওয়া খালি টিনের কৌটা ব্যবহার করে, তিনি তৈরি করেছেন কুকুর ও তার ছানাদের জন্য সাময়িক নিরাপদ ও আরামদায়ক একটি আশ্রয়।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একটি ভিডিও প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রথমে নির্দিষ্ট একটি জায়গা পরিষ্কার করে ঘরটির ভিত্তি তৈরি করা হয়। এরপর সারিবদ্ধভাবে খালি টিনের কৌটা সাজিয়ে তৈরি করা হয় দেয়াল। ঘরের কাঠামো স্থায়ী করার পর বসানো হয় ছাদ।

প্রখর রোদ থেকে কুকুদের সুরক্ষা দিতে ছাদের ওপর ব্যবহার করা হয়েছে ঝাড়ু ও বিশেষ আচ্ছাদন। এতে ঘরের ভেতরের তাপমাত্রা তুলনামূলক কম থাকবে এবং বিড়ালগুলো স্বস্তিতে থাকতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

ঘরটি তৈরির পর সেখানে আশ্রয় নেয় একটি মা কুকুর ও তার ছানারা। নতুন আশ্রয়ে তাদের স্বাচ্ছন্দ্যে প্রবেশের দৃশ্যটি নির্মাতার জন্য হয়ে ওঠে আনন্দ ও তৃপ্তির এক অনন্য মুহূর্ত।

ফেলে দেওয়া বর্জ্যকে পুনর্ব্যবহার করে প্রাণীদের জন্য এমন মানবিক ও সৃজনশীল উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছে। পরিবেশ রক্ষার পাশাপাশি অসহায় প্রাণীদের প্রতি দায়িত্ববোধের এমন দৃষ্টান্ত অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন অনেকে।

গাজায় যুদ্ধের ধ্বংসস্তূপে টিনের কৌটায় প্রাণ পেল মানবিকতার গল্প
ভিডিও থেকে ছবি সংগৃহীত।