তেল স্থাপনায় হামলায় স্যাটেলাইট চিত্র ব্যবহার করা হচ্ছে: আরামকো

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বিশ্বে তেলের মজুত ভীতিকরভাবে কমে গেছে বলে সতর্ক করেছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের। একই সঙ্গে স্যাটেলাইটের ছবি ও জাহাজ চলাচলের বিস্তারিত তথ্য তেল স্থাপনা ও ট্যাংকারে হামলার জন্য ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।

সোমবার (০৫ অক্টোবর) লন্ডনে অনুষ্ঠিত এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে নাসের বলেন, ‘তেল ব্যবস্থা ইতোমধ্যেই চাপে রয়েছে। আর বিশ্বের হাতে বিকল্প খুব কম থাকায় সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা বলয় ভীতিকরভাবে কমে গেছে।’

নাসের বলেন, স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য এখন ক্রমেই অবকাঠামো ও তেলবাহী ট্যাংকারে হামলার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

তিনি বলেন, ‘স্যাটেলাইট চিত্র ও জাহাজ চলাচলের তথ্য ক্রমেই অবকাঠামো ও ট্যাংকারের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মনে রাখতে হবে, স্বচ্ছতার জন্য তৈরি প্রযুক্তির সরঞ্জামগুলো যেন আগ্রাসনের গোলাবারুদে পরিণত না হয়।’

প্রযুক্তির সুফলের পাশাপাশি এর গুরুতর ঝুঁকিও রয়েছে বলে মন্তব্য করেন নাসের। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ নিয়ে বিভিন্ন শিরোনামের দিকে তেলবাজার নজর রাখছে। এসব প্রতিবেদনের অনেকগুলোতেই স্যাটেলাইট চিত্র ও জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের তথ্য ব্যবহার করা হচ্ছে।

নাসেরের মতে, যুদ্ধের পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যবহৃত এসব উন্মুক্ত তথ্যই এখন জ্বালানি অবকাঠামো ও জাহাজকে লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে নতুন ঝুঁকি তৈরি করছে।

এর কয়েক দিন আগে জি৭ভুক্ত দেশগুলো সরবরাহ নিয়ে উদ্বেগ কমাতে নিজেদের তেলের মজুত থেকে আরও কিছু বাজারে ছাড়ার বিষয়ে সম্মত হয়।

নাসেরের এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে জানা যায়, গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ যুদ্ধ শুরুর আগের মাত্রাকেও ছাড়িয়ে গেছে। বাজারের জন্য এটি স্বস্তির খবর হলেও ইয়েমেনে সৌদি সমর্থিত বাহিনী এবং ইরানের মিত্র হুথিদের মধ্যে তীব্র লড়াই নতুন উদ্বেগ তৈরি করেছে।

বাব আল মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের এই সংঘাত চলছে। লোহিত সাগরের দক্ষিণ প্রবেশপথ হিসেবে পরিচিত এই প্রণালিটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।

সূত্র : সিবিএস নিউজ ও ডন

সৌদি আরবের শায়বাহর এম্পটি কোয়ার্টারে অবস্থিত আরামকোর তেলক্ষেত্র। ছবি : রয়টার্স
সৌদি আরবের শায়বাহর এম্পটি কোয়ার্টারে অবস্থিত আরামকোর তেলক্ষেত্র। ছবি : রয়টার্স