ভারতের গণতন্ত্রের ‘প্রদর্শনী’ by শশী থারুর

ভারতের স্বাধীন নির্বাচন কমিশন আগামী সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। বিশ্বের একক বৃহত্তম গণতান্ত্রিক ভোটাধিকার চর্চার এ কার্যক্রম চলবে আগামী ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত দীর্ঘ ৩৭ দিন ধরে, নয়টি পর্বে। কোনো কোনো ক্ষেত্রে ভোট গ্রহণের তারিখের মধ্যে থাকবে এক সপ্তাহ পর্যন্ত ব্যবধান। ৮১ কোটি ৪০ লাখ ভোটার একটি নতুন (এবারেরটি ষোড়শ) পার্লামেন্ট তথা সরকার নির্বাচিত করবেন। দেশজুড়ে নয় লাখ ৩০ হাজারেরও বেশি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৫০০টির বেশি রাজনৈতিক দলের ১৫ হাজার প্রার্থী থেকে নিজেদের প্রতিনিধি বেছে নেবেন ভারতের ভোটাররা। গণতন্ত্র নিঃসন্দেহে একটি প্রক্রিয়া, এটি কোনো একক ঘটনা নয়। কিন্তু ভারতে নির্বাচন প্রকৃতই ঘটনার সমাহার, যা প্রতিবারই প্রশংসা কুড়ায়। এ দেশের নির্বাচনী কর্মকাণ্ডের চালচিত্রই এর কারণ। ভারতে নির্বাচন মানেই সুবিশাল উপকরণ ও নিরাপত্তাগত চ্যালেঞ্জ আর অসংখ্য বিচিত্র ভাষার সংশ্লিষ্টতা। অক্ষরজ্ঞানহীন ভোটারদের সুবিধার জন্য এখানে প্রার্থীরা শুধু নামে নন, প্রতীক দিয়েও চিহ্নিত হন।