আলোচনা- 'কর্মশক্তি ও টাকার অপচয়!' by রোজিনা ইসলাম

চাকরি আছে, বেতন-ভাতা আছে, কাজ নেই। জনপ্রশাসনে এঁদের বলা হয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সংক্ষেপে ওএসডি। বর্তমানে এঁদের সংখ্যা ৩৭৭।বেতন-ভাতা বাবদ বছরে তাঁদের পেছনে রাষ্ট্রের ব্যয় প্রায় ৩৬ কোটি ৮৮ লাখ আট হাজার টাকা। মাসে তিন কোটি সাত লাখ ৩৪ হাজার টাকা। দক্ষ হওয়ার পরও সচিব-পর্যায় থেকে শুরু করে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার এসব কর্মকর্তাকে মাসের পর মাস বসিয়ে রেখে বেতন দেওয়া হচ্ছে। শিক্ষা ছুটি বা প্রশিক্ষণের জন্যও অনেকে ওএসডি রয়েছেন। তবে তাঁদের সংখ্যা হাতেগোনা। সংস্থাপন মন্ত্রণালয়ের হিসাব ও প্রশাসন শাখাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তথ্যের ভিত্তিতে এই হিসাব পাওয়া গেছে। প্রসঙ্গত, ওএসডির সংখ্যা প্রায়ই পরিবর্তন হয়ে থাকে।