ইসরাইলি সেনার পূর্ণ প্রত্যাহার চান ফিলিস্তিনিরা, হামাসের নিরস্ত্রীকরণে আপত্তি

গাজা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার ছাড়া হামাসকে নিরস্ত্র করার প্রস্তাবের বিরোধিতা করেছেন অধিকাংশ ফিলিস্তিনি। ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ পরিচালিত নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া অনেক ফিলিস্তিনি মনে করেন, ইসরাইলি দখল ও সামরিক উপস্থিতি অব্যাহত থাকা অবস্থায় হামাসের অস্ত্র সমর্পণ গ্রহণযোগ্য নয়। তাদের মতে, নিরস্ত্রীকরণের প্রশ্নটি গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের সঙ্গে সম্পর্কিত হওয়া উচিত।
বিজ্ঞাপন

জরিপে দেখা গেছে, হামাসকে নিরস্ত্র করার বিরোধিতা পশ্চিম তীরে বেশি। সেখানে ৭৮ শতাংশ উত্তরদাতা এর বিরোধিতা করেছেন। গাজায় এ হার ৫৫ শতাংশ। সামগ্রিকভাবে ৬৯ শতাংশ ফিলিস্তিনি যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার শর্ত হিসেবেও হামাসের নিরস্ত্রীকরণের বিপক্ষে মত দিয়েছেন।

জরিপে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠা ও গাজা শাসনব্যবস্থা নিয়েও প্রশ্ন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনার মাধ্যমে আগামী পাঁচ বছরের মধ্যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হবে বলে অধিকাংশ উত্তরদাতা মনে করেন না।

এদিকে হামাসের পক্ষ থেকেও বিভিন্ন সময়ে বলা হয়েছে, গাজা থেকে ইসরাইলি বাহিনীর পূর্ণ প্রত্যাহারের নিশ্চয়তা ছাড়া তারা অস্ত্র সমর্পণ নিয়ে আলোচনা করতে রাজি নয়।

জরিপের ফলাফল এমন সময় সামনে এলো, যখন গাজায় যুদ্ধের অবসান, ভবিষ্যৎ প্রশাসন এবং হামাসের অস্ত্র সমর্পণ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা চলছে। ফিলিস্তিনি জনমতের এই অবস্থান গাজা সংকটের রাজনৈতিক সমাধানকে আরও জটিল করে তুলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই ও জেরুজালেম পোস্ট

ইসরাইলি সেনার পূর্ণ প্রত্যাহার চান ফিলিস্তিনিরা, হামাসের নিরস্ত্রীকরণে আপত্তি
দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনের তল্ল গ্রামটির কাছে ইসরাইলি সেনারা। ২৫ জুলাই ২০২৬ তারিখে তোলা ছবি। এএফপি