গার্ড সাহেব by অচিন্ত্যকুমার সেনগুপ্ত

'বাবু, কিতাব!' ঠিক বুকের মধ্যে যেন হাতুড়ির ঘা পড়ে। শুনেও শোনে না নিবারণ। ঘুমের ঘোরে পাশ ফেরে একবার।
কিন্তু ও-ডাক কি ভুল শোনবার? কল-পিওন আবার হাঁক পাড়ে : 'গার্ডবাবু, কিতাব হ্যায়।' বই হয়েছে! তার মানে সর্বনাশ হয়েছে।